দ্য ওয়াল ব্যুরো: কালো ধোঁয়ায় ঢেকে গেছে আশপাশের এলাকা। পাঁচতলায় আগুন জ্বলছে দাউদাউ করে। ক্রমশ ছড়িয়ে পড়ছে অন্য তলাগুলিতেও। আতঙ্ক, চিৎকারে মুহূর্তে বদলে গেল মুম্বইয়ের ওরলি এলাকার সাধনা হাউস কমপ্লেক্স। শনিবার বিকেলে ভয়াবহ আগুন লাগে মুম্বইয়ের এই বাণিজ্য ভবনে। রাত অবধি হতাহতের কোনও খবর নেই।
দমকল সূত্রে খবর, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে দমকলের ১৪টি ইঞ্জিন। আগুন নেভাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন দুই দমকলকর্মীও। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিন বিকেল পৌনে পাঁচটা নাগাদ সাধনা হাউসের পাঁচতলার একটি ঘর থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা ফ্লোরে। দমকলকর্মীরা জানিয়েছেন, উপরের তলাগুলিতে আগুন বেশি ছড়িয়ে পড়েছিল। নিচের তলাতে তুলনায় কম। কী থেকে আগুন ছড়াল সেটা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনার পর সাধনা হাউসের অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।
গত বছর এই দিনেই মুম্বইয়ের কমলা মিলে অগ্নিকাণ্ড ১৪ জনের মৃত্যু হয়েছিল। পরে জানা যায়, আগুন ছড়িয়েছিল পাশের একটি রেস্তোরাঁ থেকে। সেই রেস্তোরাঁর তিন মালিকের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ।