দ্য ওয়াল ব্যুরো: তিন কৃষি আইনের বিরুদ্ধে বছর ব্যাপী কৃষক আন্দোলনের জেরে ২৭৩১ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ি লোকসভায় এক প্রশ্নের জবাবে এই পরিসংখ্যান জানিয়েছে। বৃহস্পতিবারই কৃষকেরা পাকাপাকিভাবে ধর্নাস্থলে ছেলে গিয়েছেন কেন্দ্রীয় সরকার বেশিরভাগ দাবি মেনে নেওয়ায়।
সংসদে কেন্দ্রীয় মন্ত্রীর এই জবাব ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। কারণ সাংসদ অপরাজিতা সারঙ্গি জানতে চেয়েছিলেন নানা কারণে রাস্তা ও জাতীয় সড়ক অবরোধের ফলে রাজস্ব ক্ষতির কোনও হিসাব সরকারে আছে কি না। আর একটি প্রশ্নে তিনি আলাদা করে জানতে চান, প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিবাদ আন্দোলনের জেরে রাস্তা অবরোধে রাজস্ব ক্ষতির পরিমান কত? তিনি বিগত তিন বছরের হিসাব চান মন্ত্রীর কাছে।
জবাবে নীতিন গডকড়ি জানান, এই সংক্রান্ত কোনও তথ্য তাঁর মন্ত্রকের কাছে নেই। তবে কৃষক আন্দোলনের ফলে এক বছরে ক্ষতির পরিমান ২৭৩১ কোটি টাকা। মন্ত্রী বিস্তারিত না জানালেও মনে করা হচ্ছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের জাতীয় সড়কগুলিতে কৃষকদের অবরোধে টোল ট্যাক্স আদায় বন্ধ থাকায় এই ক্ষতি হয়েছে। যা থেকে অনেকেই মনে করছেন, কৃষি বিল বাতিলের মতো পরিস্থিতি তৈরি না হলে সরকার রাজস্ব ক্ষতিকে আগামীদিনে কৃষক আন্দোলনের বিরুদ্ধে হাতিয়ার করত। যদিও জাতীয় সড়কগুলির সিংহভাহই এখন টোলের আওতায় থাকায় বিভিন্ন কারণে যান চলাচল বন্ধ থাকায় টোল আদায়ের ক্ষতির অঙ্গ সরকারের অজানা থাকার কথা নয়।