
শেষ আপডেট: 4 April 2022 02:21
দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বিক্ষোভ-অসন্তোষের জের পড়ল এবার সংসদে। খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ সঙ্কটে নাভিশ্বাস ওঠার জোগাড় শ্রীলঙ্কার (Sri Lanka) মানুষের। দৈনন্দিন জিনিস চলে গেছে নাগালের বাইরে। দেশের রাজকোষের অবস্থা ভাঁড়ে মা ভবানি! এমন পরিস্থিতিতে রবিবার রাতে দেশের ২৬ জন মন্ত্রী ইস্তফা (Resign) দিলেন।
সরকার বিরোধিতায় পথে নামছে আমজনতা। অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ সরকার, এমন দাবিতে সরব সব মহলই। বিক্ষোভ রুখতে দেশজুড়ে ৩৬ ঘন্টার কার্ফু জারি করে শ্রীলঙ্কার সরকার। এমনকি বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। যদিও পরে তা ফের স্বাভাবিক হয়।
এদিকে দেশজুড়ে এমন পরিস্থিতির কারণে দেশের মন্ত্রিসভার সব মন্ত্রীই রবিবার রাতে তাঁদের ইস্তফা পত্র পাঠিয়ে দেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের কাছে। যদিও প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজপক্ষ এখনও ইস্তফা দেননি। তিনি বাদে গোটা মন্ত্রিসভাই ইস্তফা দেয়। ২৬ জনের ইস্তফা দেওয়ার খবর জানাজানি হতেই রটে যায়, প্রধানমন্ত্রীই ইস্তফা দিয়েছেন। তবে পরে এই খবর 'ভুয়ো' বলে জানিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর দফতর থেকে।
গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতি আরও খারাপ হয়। সরকারের বিরোধিতায় পথে নামেন সাধারণ মানুষ। তুমুল আশান্তির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় কলম্বো। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সেনা। জারি করা হয় জরুরি অবস্থা। আইন শৃঙ্খলা ঠিক রাখতে রাষ্ট্রপতি নির্দেশ দেন, 'কেউ রাস্তায় বেরোতে পারবেন না', যা নিয়েও অসন্তোষ তৈরি হয় সাধারণ মানুষের ওপর। আজ সকাল ৬ টা অবধি এই নির্দেশ বলবৎ ছিল ভারতের এই প্রতিবেশী দেশে।
অন্যদিকে, শ্রীলঙ্কার সরকার দেশে কাগজের সঙ্কটের জন্য আগেই পরীক্ষা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে এক বিশাল সংখ্যক পড়ুয়ার ভবিষ্যত প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সব ক্ষেত্রেই দেখা দিয়েছে প্রবল সঙ্কট। যা সামাল দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সরকারও নিরুপায়। দেনার দায়ে ডুবে গেছে রাজাপক্ষের সরকার।
ফের মূল্যবৃদ্ধি জ্বালানি তেলের! রেকর্ড মূল্য পেট্রলের, ডিজেল ১০০ ছুঁইছুঁই