বন্দুক ঠেকিয়ে মোষ চুরি মুজফ্ফরনগরে
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালেই খাটাল মালিকের মাথায় বন্দুক ঠেকাল জনা পঁচিশ যুবক। লাল চোখ করে তাদের হুকুম সব কটা মোষকে ছেড়ে দিতে হবে। কোনও চালাকি চলবে না। কাকুতি মিনতিতেও কাজ না হওয়ায় খাটালের ১৮টা মোষকে ডাকাতদের হাতে তুলে দিলেন নরেশ কুমার। মাথা
শেষ আপডেট: 25 October 2018 18:30
দ্য ওয়াল ব্যুরো: সাত সকালেই খাটাল মালিকের মাথায় বন্দুক ঠেকাল জনা পঁচিশ যুবক। লাল চোখ করে তাদের হুকুম সব কটা মোষকে ছেড়ে দিতে হবে। কোনও চালাকি চলবে না। কাকুতি মিনতিতেও কাজ না হওয়ায় খাটালের ১৮টা মোষকে ডাকাতদের হাতে তুলে দিলেন নরেশ কুমার। মাথায় হাত দিয়ে পুলিশকে নরেশ জানালেন, প্রায় ২০ লক্ষ টাকার মোষ খোয়া গেছে তাঁর।
ঘটনাটা মুজফ্ফরনগরের রতনপুরি গ্রামের। সকালেই লক্ষ টাকার মোষ চুরির ঘটনায় রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে গেছে গ্রামে। রাস্তা আটকে প্রতিবাদে মুখর অন্যান্য খাটাল মালিক-সহ স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
নরেশ জানিয়েছেন, তাঁর অনেকদিনের ব্যবসা। সংসারের আয়ের টাকাও আসে এই খাটাল থেকেই। সকালে অন্যান্য দিনের মতোই মোষগুলির পরিচর্যা করছিলেন তিনি ও তাঁর ছেলে মোহিত। সেই সময় ডাকাতদের আগমন।
এলাকার বাসিন্দাদের কথায়, গ্রামে আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু, চুরির আগেই ধরা পড়ে গেছিল অপরাধীরা। নরেশ জানিয়েছেন, শুধু মোষ নয়, তাঁর বাইক ও দু’টি মোবাইলও ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা।
রতনপুরি থানার শীর্ষ আধিকারিক জানিয়েছেন, গবাদি পশু চুরির একটা চক্র এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। এমন অভিযোগ আগেও এসেছে। ওই চক্রকে খোঁজার চেষ্টা চলছে। দ্রুতই অপরাধীরা ধরা পড়বে বলে জানিয়েছে পুলিশ।