
নোয়াপাড়া থানায় দায়ের হয়েছে অভিযোগ
শেষ আপডেট: 24 November 2024 20:15
দ্য ওয়াল ব্যুরো: বন্ধুর মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে গেছিলেন। কিন্তু সেখানে গিয়ে এমন পরিস্থিতি অপেক্ষা করছিল কে জানত! খাওয়াদাওয়া সেরে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে ঢুকেছিলেন। এরপরই নিরাপত্তারক্ষীদের বেধড়ক মারে মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দু’জন।
কী ঘটেছিল?
সূত্রের খবর, শনিবার বন্ধুর মেয়ের জন্মদিন উপলক্ষে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি পার্কে গেছিলেন বছর বত্রিশের যুবক কৃশানু চট্টোপাধ্যায়। অভিযোগ, এদিন পার্কে অন্য দুই বন্দুর সঙ্গে গল্প করছিলেন পেশায় ডেলিভারি বয় ওই যুবক। আচমকাই নিরাপত্তারক্ষীরা তাঁদের উপর চড়াও হয় বলে অভিযোগ।
মৃতের বাবা কাজল চট্টোপাধ্যায় জানান, ‘ছেলে বন্ধুর মেয়ের জন্মদিনে গেছিল। খাওয়াদাওয়া সেরে রাইফেল ফ্যাক্টরি পার্কে বন্ধুদের সঙ্গে গল্প করছিল সে। তবে ওই এলাকা রেস্ট্রিক্টেড হওয়ায় নিরাপত্তারক্ষীরা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
কাজল চট্টোপাধ্যায় আরও জানান, তিনিও ইছাপুর রাইফেলস ফ্যাক্টরিতেই কর্মরত ছিলেন। সে কারণে তাঁর ছেলে কৃশানুকেও সেখানকার অনেকেই চিনতেন। তাই পার্কে ঢুকে হয়তো বন্ধুদের সঙ্গে গল্প করছিল ছিল। কিন্তু নিরাপত্তা কর্মীদের মারে এমন পরিণতি। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।
কিছু বুঝে ওঠার আগেই তাঁদের উপর নেমে আসে আক্রমণ। নিরাপত্তারক্ষীদের মারেই গুরুতর জখম অবস্থায় তিন জনকে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ইছাপুর আনন্দমঠের বাসিন্দা কৃশানুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এছাড়া বাকি দুই বন্ধু গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। মৃতের পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ।