নাগেরবাজার থানা
শেষ আপডেট: 31 December 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: মদ কেনার টাকা না দেওয়ায় দুষ্কৃতীদের হামলার শিকার দুই যুবক। দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। শনিবার রাতের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীরা ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের অনুগামী বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক যুবক আইসিইউ-তে ভর্তি রয়েছেন। ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্তদের আদালতে তোলা হবে বলে খবর।
জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনায় আর কেউ জড়িত আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে শ্রীতম চট্টোপাধ্যায় নামে এক যুবক তাঁর অফিসের বন্ধু সানি সিংকে নিজের বাড়িতে নিয়ে আসছিলেন। অভিযোগ, সে সময় দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত মধুগড়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর পালের অনুগামীরা তাঁদের পথ আটকায়। শ্রীতম এবং তাঁর বন্ধুর কাছে মদ কেনার টাকা দাবি করে বলে অভিযোগ।
দুই যুবক টাকা দিতে অস্বীকার করলে তাঁদের উপর হামলা চালানো হয়। রড, হকি স্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে ওই দুষ্কৃতীরা চড়াও হয় তাঁদের উপর। শ্রীতম এবং সানির মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। জানা গেছে, রডের আঘাতে শ্রীতমের একটি চোখ গুরুতরভাবে জখম হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দমদমেরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সানির মাথায় সেলাই পড়লেও তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে৷
আক্রান্তের বাবার অভিযোগ, হামলাকারীরা এলাকার প্রাক্তন কাউন্সিলর প্রবীর পালের অনুগামী বলে পরিচিত। দক্ষিণ দমদম এলাকায় প্রায়শই অশান্তির অভিযোগ সামনে আসে। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্দ্রা সরকারও দুষ্কৃতী হামলার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, ‘এরা সমাজবিরোধী। সর্বত্রই এরকম কিছু ছেলে থাকে। তোলাবাজি করে, মদ, গাঁজা খায়। এদের আর কোনও কাজ নেই। শান্ত ওয়ার্ডকে অশান্ত করতে চেষ্টা করছে।’