
প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 November 2024 20:20
দ্য ওয়াল ব্যুরো: কাকদ্বীপে দুই স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু। রেল লাইনের মধ্যে উদ্ধার হল ছিন্নভিন্ন দেহ। গতকাল টিউশনে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয় ওই দুই ছাত্রী। আজ নামখানা শাখার নিশ্চিন্তপুর অ করঞ্জলী স্টেশনের মাঝের রেল লাইনে দুই বান্ধবীর দেহ উদ্ধার হয়।
দুর্ঘটনা নাকি সম্পর্কের টানাপোড়েনে আত্মহত্যা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই একাদশ ও দ্বাদশ শ্রেণির দুই ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারীরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে জানা যাচ্ছে , মৃত পড়ুয়াদের নাম সুমিতা দাস ও সোমা জানা দু’জনেই ঘনিষ্ঠ বান্ধবী। শনিবার বিকেল চারটে নাগাদ কাকদ্বীপের বাসন্তী ময়দান এলাকায় টিউশন পড়তে যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিল তারা। তারপর থেকে কোনও খোঁজ ছিল না। আজ সকালে পুলিশ দেহ উদ্ধার করে ছাত্রীদের পরিবারকে জানায়।
ওই দুই ছাত্রকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, গত কয়েক মাস আগে সুমিতা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। দুই পরিবার মানেনি। তাই পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় তারা। বিয়ে হয়নি যদিও।
অন্যদিকে, সোমা আবার সুমিতার প্রেমিকের বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। তার পরিবারও মেনে নেয়নি ব্যাপারটা।
দুই বান্ধবীই মানসিক অবসাদে ভুগছিল বলে ওই ছাত্রদের দাবি। তারা আরও বলে, সোমা এবং সমিতা দু'জনই তাদের প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তবে প্রেমিকরা কেউই বিয়েতে রাজি হয়নি। বিয়ে না করলে আত্মহত্যার হুমকিও দেয় তারা।
এসবের পরই আজ ওই দুই ঘনিষ্ঠ বান্ধবীর ছিন্নভিন্ন দেহ মিলল রেল লাইনের ধারে।