
হাসপাতাল চত্বরে বিক্ষোভ
শেষ আপডেট: 3 April 2025 12:03
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : ভুল অস্ত্রোপচারে প্রসূতির মৃত্যুর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল উত্তর ব্যারাকপুর পৌর হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, গারুলিয়ার বাসিন্দা স্বপ্না দাস নামের এক প্রসূতিকে ভর্তি করা হয়েছিল ব্যারাকপুর পুরসভা পরিচালিত ইছাপুর যামিনী ভূষণ স্মৃতি প্রসূতি সদন ও সাধারণ হাসপাতালে। পরিবারের অভিযোগ, সন্তান প্রসব করার সময় অস্ত্রোপচারের পর অতিরিক্ত রক্তক্ষরণ হতে শুরু হয়। সামাল দিতে না পেরে ওই প্রসূতিকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে মৃত্যু হয় স্বপ্না বিশ্বাসের।
পরিবারের সদস্যদের অভিযোগ, ভুল অস্ত্রোপচারের কারণেই মৃত্যু হয়েছে স্বপ্নার। কলকাতার হাসপাতাল থেকে মৃতদেহ ইছাপুর যামিনী ভূষণ স্মৃতি প্রসূতি সদন ও সাধারণ হাসপাতালে নিয়ে এসে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতার পরিবারের সদস্যরা। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে নোয়াপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
অপরদিকে উত্তর ব্যারাকপুর পুরসভার পুর পারিষদ সদস্য (স্বাস্থ্য) প্রদীপ বোস বলেন, "যেটা হয়েছে ঠিক হয়নি। এতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ডাক্তারদের সাথে কথা বলে বিষয়টি ঠিক কী হয়েছিল তা সম্পূর্ণ জানতে হবে।"