
নৈহাটি থানা এলাকায় অশান্তি
শেষ আপডেট: 3 October 2024 11:51
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মহালয়ার পিকনিকে বাজি ফাটানো নিয়ে গন্ডগোল। তারই জেরে হামলায় জখম হলেন এক তৃণমূল কর্মী। লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেফতার করা হল এক তৃণমূল ছাত্র নেতাকে। ধৃত ঋষি মুখোপাধ্যায় নৈহাটি বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত তৃণমূল কর্মী অজিত প্রসাদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে নৈহাটির আরবিসি কলেজ সংলগ্ন এলাকায়।
বুধবার মহালয়ার দিন আরবিসি কলেজের সামনে পিকনিক চলছিল। সেই সময় বাজি ফাটানো নিয়ে গন্ডগোল বাঁধে। আহত অজয় প্রসাদের অনুগামীরা জানান, তাঁদের পিকনিক চলাকালীন নৈহাটি টাউন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ঋষি মুখোপাধ্যায়ের দল হঠাৎ বাজি ফাটাতে শুরু করে। অজয় প্রতিবাদ করায় ঋষির দলবল তার উপর চড়াও হয়ে মারধর শুরু করে। লোহার রড এবং লাঠি নিয়ে ব্যাপক মারধর করা হয় অজয়কে। এই ঘটনায় দু’পক্ষই পরষ্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।
অজিত ঘনিষ্ঠরা বলেন, “আমাদের পিকনিকের সময় ওরা জোরে জোরে বাজি ফাটাচ্ছিল। বারণ করায় দলবদল নিয়ে এসে হাজির হয় ঋষি ও তার দলের লোকজন। বেপরোয়া মারে গুরুতর জখম হয়েছেন অজিত।” তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। গ্রেফতার করা হয় নৈহাটি বিধানসভার ছাত্র পরিষদের সভাপতি ঋষি মুখোপাধ্যায়কে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।