
শেষ আপডেট: 17 December 2024 13:41
দ্য ওয়াল ব্যুরো: রোজই দিদির সঙ্গে জামাইবাবুর অশান্তি। কত বার যে বাপের বাড়ি গিয়ে স্বামীর নামে অভিযোগ জানিয়েছেন স্ত্রী তার হিসেব নেই। বারবার ঝামেলার কথা শুনতে শুনতে তিতিবিরক্ত শ্যালক রেগেই খাপ্পা। বুঝিয়ে যাবতীয় ঝামেলা মেটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতে যে এই কাণ্ড ঘটবে কে ভেবেছিল?
কী না, আচমকাই স্ত্রীর সামনে শ্যালকের ওপর লাফিয়ে পড়ে অণ্ডকোষ কামড়ে ছিঁড়ে নিলেন জামাইবাবু। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফের মাকালতলা গ্রামের। জানা যাচ্ছে ক্যানিং মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত।
পুলিশ জানিয়েছে, ঘুটিয়ারি শরিফের মাকালতলার বাসিন্দা রবীন মণ্ডল। রবীনের জামাইবাবু মুন্না সাউও একই এলাকায় থাকতেন। অভিযোগ, মুন্না কোনও কাজকর্ম করেন না। বাড়িতে প্রতিনিয়ত অশান্তি হত স্ত্রীর সঙ্গে। তা নিয়েই সোমবার রাতে প্রতিবাদ করে শ্যালক রবীন। আর তাতেই এই ভয়ঙ্কর কাণ্ড।
কথা কাটাকাটি চলতে চলতে আচমকাই শ্যালকের উপর ঝাঁপিয়ে পড়েন জামাইবাবু। তাঁকে মারধর করে অণ্ডকোষে এমন কামড় দেন যে ছিঁড়েই যায়।
যন্ত্রণায় কাতরাতে থাকেন আক্রান্ত যুবক। পরিবারের অন্যান্য সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সেই রাতেই চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
আক্রান্ত রবীন মণ্ডল জানান, এই প্রথম নয়, জামাইবাবু এর আগেও তাঁর ওপর হামলা চালান। সে বার কানে কামড় মেরে রক্ত বার করে দেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।