
ভেঙে পড়ল সাতটি দোকান
শেষ আপডেট: 10 December 2024 12:58
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মঙ্গলবার সকালে হুড়মুড় করে একসঙ্গে ভেঙে পড়ল সাতটি দোকান। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায় বনগাঁ-বসিরহাট রাজ্য সড়ক লাগোয়া গোবরডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায়।
মনে করা হচ্ছে মাটি আলগা হয়েই দোকানগুলি পাশের পুকুরে উল্টে পড়ে। তবে ভোরের দিকে এই ঘটনা ঘটায় কেউ হতাহত হননি। আশেপাশের লোকজন জানান, ভোরবেলা ঘুম থেকে উঠেই বিকট শব্দ পান তাঁরা। এলাকার বাসিন্দা নৃপেন সরকার বলেন, "ভাবতেই পারিনি সাতটি পাকা দোকান একসঙ্গে ভেঙে পড়বে। ভোরবেলা আওয়াজ পেয়ে প্রথমে ভেবেছিলাম রাস্তায় কোনও দুর্ঘটনা হয়েছে। পরে ছুটে যাই। দেখি এই কাণ্ড।"
বাসিন্দারা জানান, একটি চায়ের দোকান, মুরগির মাংসের দোকান, ইলেকট্রিক সামগ্রীর দোকান-সহ মোট সাতটি দোকান এদিন ভেঙে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। পৌঁছন গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান শংকর দত্ত। বিশেষজ্ঞদের অনুমান, দোকানগুলির লাগোয়া পুকুর রয়েছে। ভূগর্ভস্থ মাটি ইঁদুর গর্ত করে ফাঁকা করে দেওয়ায় সুড়ঙ্গের সৃষ্টি হয়। মাটির বাঁধন আলগা হয়ে যাওয়ায় দোকানগুলির ভার সহ্য হয়নি। ফলে পিছনের পুকুরে উল্টে পড়ে পাকা দোকান ঘরগুলি।
দোকানদাররা জানান, এভাবে গোটা দোকান হুড়মুড়িয়ে পুকুরে ভিতর ভেঙে পড়ায় ব্যাপক লোকসানের মুখে পড়তে হল তাঁদের। কীভাবে ঘুরে দাঁড়াবেন সেই চিন্তা গ্রাস করেছে। পুরপ্রধান শংকর দত্ত আশ্বাস দিয়েছেন দোকানদাররা যাতে রুটি-রুটি না হারান সেই ব্যবস্থা করবে পুরসভা।