
আহত কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী
শেষ আপডেট: 23 December 2024 12:50
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নেশাগ্রস্ত সন্তানের অত্যাচার থেকে বাবা মা কে বাঁচাতে গিয়ে মাথা ফাটল কাউন্সিলরের। এই ঘটনায় শোরগোল পড়ল ব্যারাকপুরের সরকারবাগানে।
ব্যারাকপুর পৌর এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর সরকার ও তার স্ত্রী বন্দনা সরকার। অভিযোগ, এই বৃদ্ধ দম্পতিকে নেশার টাকা চেয়ে রোজ মারধর করে তাদের ছেলে শুভঙ্কর। নিত্যদিন এই ঘটনার সাক্ষী হন এলাকার বাসিন্দারা। রবিবার রাতেও একই ঘটনা ঘটে। বৃদ্ধ দম্পতিকে মারধর করে তাঁদের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী। অভিযোগ, শুভঙ্করকে বাধা দিতে গেলে সে কাউন্সিলরকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেয়।
ঘটনার জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল সরকারবাগান এলাকায়। সঙ্গে সঙ্গে কাউন্সিলরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মাথায় সেলাই পড়ে। কাউন্সিলর বলেন, "রোজ এমন ঘটনা ঘটলেও গত রাতে মাত্রা ছাড়িয়ে যায়। একটি শক্ত লাঠি নিয়ে অসুস্থ বাবা মাকে মারতে যায় ওই যুবক। আমি বাঁচাতে গেলে আমার ওপর চড়াও হয়ে মাথায় মারে।"
অভিযুক্তের বাবা মা তাঁদের ছেলেকে আর বাড়িতে ঢুকতে দিতে চাইছেন না। তারা ছেলের কঠোর শাস্তির দাবি করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক ছেলে। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।