
সন্দেশখালিতে গ্রেফতার বিজেপি নেতা
শেষ আপডেট: 12 August 2024 15:07
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: লোকসভা ভোটের আগে শেখ শাহজাহানকে নিয়ে তেতে উঠেছিল সন্দেশখালি। মহিলাদের উপর নির্যাতন হয়েছে বলে দফায় দফায় থানা ঘেরাও হয়। সেই সন্দেশখালিতেই ফের ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার দলের নেত্রীকে ধর্ষণের অভিযোগে এক বিজেপি নেতাকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। মহিলার অভিযোগ, স্বামীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দিনের পর দিন তাঁকে ধর্ষণ করে গেছেন অভিযুক্ত ওই বিজেপি নেতা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বসিরহাট মহকুমার ন্যাজাট থানার মেটেখালিতে।
২৭ বছরের অভিযোগকারিণীর দাবি, তিনি সন্দেশখালি ব্লকের বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী। ওই ব্লকের মণ্ডল সম্পাদক ৩২ বছরের শুভঙ্কর দাস তাঁকে একাধিকবার ধর্ষণ করেছেন। তাঁর স্বামীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয়ে দেখিয়ে দিনের পর দিন তাঁর উপর পাশবিক অত্যাচার চালিয়েছেন শুভঙ্কর। বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ করলেও দলের সেই নেতার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। তাই ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নেত্রী।
ধর্ষণের অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে নেতাকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। সোমবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
এই নিয়ে সোচ্চার হয়েছেন উত্তর ২৪ পরগনা এসসি-ওবিসি সেলের তৃণমূলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডল। তিনি বলেন " প্রধানমন্ত্রী বলছেন, বেটি পড়াও, বেটি বাঁচাও। দলের নেতারাই তাঁদের ধর্ষণ করছেন। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।" যদিও এই ঘটনা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে সন্দেশখালির বিজেপি নেতৃত্ব। ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তাঁরা।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেতেই বিজেপি নেত্রীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। বসিরহাট মহকুমা আদালতের বিচারকের কাছে গোপনজবানবন্দি দিয়েছেন।