বাগদা থানা
শেষ আপডেট: 15 December 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো: পুলিশের জালে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্র। উত্তর ২৪ পরগনার বাগদা থেকে গ্রেফতার দুই সাইবার ক্যাফের মালিক। ধৃতরা কতজন অনুপ্রবেশকারী ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছে তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশের পরিস্থিতি যা তাতে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ডের রম্রমা হতে পারে অনুমান করা হয়েছিল। হয়েছেও তাই। এ নিয়ে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকও সারেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র ডিজি। সীমান্ত পথে চোরা-গোপ্তা অনুপ্রবেশ রুখতে পাসপোর্ট ভেরিফিকেশনে বাড়তি নজরদারিও শুরু করে পুলিশ।
নভেম্বরের শেষে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে পাকর্স্ট্রিটের একটি হোটেল থেকে সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। যিনি আবার বাংলাদেশের বিএনপি নেতা। বছর দুয়েক আগে আওয়ামী লিগের হাত থেকে বাঁচতে সে সময় তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন।
ধৃতর কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট ও আধার কার্ড বাজেয়াপ্ত করে। সীমান্ত টপকে এ রাজ্যে ঢুকে কোথায় তিনি এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছেন তা নিয়ে তদন্ত শুরু হয়।
এই ঘটনার পর চোপড়া, কালিয়াগঞ্জ-সহ একাধিক জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজ পায় পুলিশ। গত মাস খানেক ধরে মুর্শিদাবাদে একের পর এক বাংলাদেশি গ্রেফতারের ঘটনা ঘটছে। এযাবৎ ওপারের যা পরিস্থিতি, হিন্দু সংখ্যালঘুরা প্রাণের ভয়ে এপারে ঢুকে আসছেন। আর এরই সুযোগ নিয়ে ইতিউতি ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্র শুরু গজিয়ে উঠেছে। অবশেষে রোববার বাগদা থেকে দুই সাইবার ক্যাফের মালিককে গ্রেফতার করল পুলিশ।