ভাঙচুরের ছবি
শেষ আপডেট: 30 November 2024 12:22
দ্য ওয়াল ব্যুরো: নেশামুক্তি কেন্দ্রেই যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল। ঘটনাটা বারুইপুরের। নেশায় আসক্ত ওই যুবককে খুনের অভিযোগে নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালায় পরিবার। পরে বারুইপুর থানার পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। জানা যাচ্ছে ওই কেন্দ্রের মালিক পালিয়েছেন।
পুলিশের তরফে জানা যাচ্ছে, দক্ষিণ গড়িয়া এলাকা বাসিন্দা সৌরভ মণ্ডল বছর দেড়েক আগে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি হন। তারপর থেকে সেখানেই থাকছিলেন।
শুক্রবার সকালে সৌরভের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। সন্ধে নাগাদ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
মৃত যুবকের পরিবারে অভিযোগ, মারধর করে তাঁকে মেরে ফেলা হয়েছে। এরপরই ক্ষেপে গিয়ে রাত সাড়ে ন’টা নাগাদ সেন্টারে ভাঙচুর চালান তাঁরা।
বারুইপুর হাসপাতালের পাশে প্রায় এক দশক ধরে ওই নেশা মুক্তি কেন্দ্র চলছে। স্থানীয়দের অভিযোগ, হামেশাই সেখানে ভর্তি হওয়া নেশায় আসক্তদের মারধর করা হয়। সৌরভও ছাড় পাননি। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে যেই দেখা যায় অবস্থা খারাপ, তখনই সৌরভকে সেখানে ফেলে রেখে পালিয়ে যান সেন্টারের কর্মীরা।
ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে পলাতক মালিকের খোঁজ শুরু করেছে।