
শিশু চোর সন্দেহে মার কাঁকিনাড়ায়। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 8 July 2024 12:49
দ্য ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: রথের মেলায় ঘুরতে এসেছিল পাঁচ বন্ধু। চোর সন্দেহে তুমুল মারধর করা হল তাঁদের। আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁকিনাড়ার পানপুর বিডিও অফিসের সামনে এই ঘটনায় হইচই পড়ে যায়।
লাগাতার প্রচার চলছে। তবুও চোর সন্দেহে রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে রাশ টানা যাচ্ছে না। আবারও একই ঘটনা ঘটল। এবার কাঁকিনাড়ায়। কাজ শেষ হওয়ার পর রথের মেলায় ঘুরতে গিয়েছিল পাঁচ তরুণ। অভিযোগ, এক ব্যক্তি মোটরবাইকে এসে তাদের দাঁড় করায়। নিজেকে পুলিশ বলে পরিচয় দিয়ে তাদের মোবাইল ফোনগুলি কেড়ে নেয়। এরপরেই শুরু হয় মার।
মানিক হাজরা নামে এক যুবক বলেন, "প্রথমে বুঝতেই পারিনি আমাদের ডাকছে। বুঝতে পেরে কাছে যেতেই আমাদের মোবাইল ফোনগুলি কেড়ে নেয়। বলে আমরা বাচ্চা চুরি করতে এসেছি। নিজেকে পুলিশ বলে জানায়। কিছু বোঝার আগেই আমাদের মারতে শুরু করে। আশেপাশে ভিড় জমে যায়। ভিড়ের মধ্যেই কেউ কেউ প্রতিবাদ করে ওদের থামায়। না হলে আমাদের সবাইকেই হাসপাতালে যেতে হত।"
জানা গেছে, ওই যুবকরা সবাই বর্ধমানের বাসিন্দা। কর্মসূত্রে কাঁকিনাড়ার মাদ্রালে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মারধরে জখম একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণপিটুনির ঘটনায় জড়িত সন্দেহে ভাটপাড়া থেকে একজনকে আটক করেছে পুলিশ।