
পুজো নেই বানভাসিদের ঘরে
শেষ আপডেট: 5 October 2024 11:27
দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: টানা বর্ষণে এখনও জলবন্দি স্বরূপনগর ও বাদুড়িয়া ব্লকের একাধিক গ্রাম। অমাবস্যার ভরা কোটালে সিঁদুরে মেঘ দেখছেন বানভাসিরা।
নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে। চারিদিকে জল আর জল। শোয়ার ঘর-রান্নাঘর-গোয়ালঘর সবই জলের নীচে। দুর্গাপুজো নিয়ে তাই কোনও আবেগ-উন্মাদনা কিছুই নেই বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের পাতুয়া- লস্করপোতা সহ একাধিক গ্রামে। বাদুড়িয়ার ব্লকের রসুই পতাপাড়া এলাকায় দীর্ঘ এক মাস ধরে জলবন্দি রয়েছেন মানুষ। কাছেই ইছামতি, যমুনা আর পদ্মা নদী। বাঁধ ভেঙে আসা জলে ভাসছে চারপাশ। কোথাও হাঁটু সমান আবার কোথাও বুক সমান জল। বহু মানুষ এখনও রয়েছেন ত্রাণ শিবিরে।
পুজোয় যে ঘরে ফেরা যাবে সে আশাও করছেন না বাদুড়িয়ার চাতরা গ্রাম পঞ্চায়েতের রুসুই পতাপাড়া গ্রামের জলবন্দি ৪০০ পরিবার। প্রান্তিক এলাকার মানুষ সবাই। সাধ ও সাধ্যের মধ্যে যেটুকু দিয়ে সাজিয়েছিলেন সংসার, তার পুরোটাই ভেসে গেছে। বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারছেন না ত্রাণ শিবিরের বাসিন্দারা।
তাই পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা হলেও আনন্দ এবার অধরাই। চারপাশের প্লাবনে চোখেও বান ডেকেছে তাঁদের। দীর্ঘদিন ধরে জল জমে থাকা জলে এখন বিষাক্ত সাপের রাজত্ব। জল নামলে তাদের সরিয়ে নিজেদের জায়গা করে নেওয়ার বিশাল লড়াই এখন সামনে। চর্মরোগ, জ্বর সর্দি কাশিতে ভোগা মানুষগুলি এখন এই অবস্থা থেকে পরিত্রাণ চাইছেন। তবেই না উৎসবের আলো জ্বলবে ঘরে।