
বাড়ি থেকে স্বামীর দেহ উদ্ধার, দেহ আগলে রাখল পোষ্য
শেষ আপডেট: 3 October 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাড়ির ভিতরে পড়ে রয়েছে ব্য়ক্তির দেহ। পাশে বসে মালিকের দেহ পাহারা দিচ্ছে বাড়ি পোষ্য। এই ঘটনায় শোরগোল পড়ে গেল নিমতা থানা এলাকায়। নিহতের নাম সুরজ আলি (৪৭)। অভিযোগ, স্ত্রী ও ছেলে-মেয়ে মিলে সুরজকে পিটিয়ে খুন করেছে। প্রথমে অভিযুক্ত স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। পুলিশ তারপরেই ওই মহিলাকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিমতার গোলবাগানের বাসিন্দা সুরজ আলি। বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। প্রতিবেশীরা বাড়িতে টিকতে পাচ্ছিলেন না। সুরজদের বাড়িতে তালা ঝুলছিল। জানলা খোলা থাকায় ভিতরে উঁকি ঝুঁকি দিতে থাকেন তাঁরা। তখনই তাঁরা দেখতে পান, মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে টোটোচালক সুরজ। পাশেই বসে আছে বাড়ির পোষ্য কুকুর। এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ। কিন্তু দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বেশ কিছুক্ষণ পর দেহ উদ্ধারে করে পুলিশ।
প্রতিবেশীদের দাবি, মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন সুরজের স্ত্রী সায়েমা বিবি। সঙ্গে ছেলে ও মেয়েও ছিল। তবে সেদিন সুরজকেও তাঁরা ঘর থেকে বেরোতে দেখেননি। বাড়িতে ছিল পোষ্য কুকুরটি। প্রতিবেশীদের অভিযোগ, সায়েমাই স্বামীর হাত-পা বেঁধে খুন করে। এরপরেই ছেলে মেয়েদের নিয়ে পালিয়ে গেছিল সে। এই ঘটনায় সুরজ আলির ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ। দেহ উদ্ধারের কিছুক্ষণের মধ্যে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্ত্রী সায়েমা বিবি। কেন স্বামীকে তিনি নৃশংসভাবে খুন করলেন, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।