
মিঠুন চক্রবর্তী
শেষ আপডেট: 2 September 2024 18:54
দ্য ওয়াল ব্যুরো: বাংলায় এখন যা দেখছেন তাতে তাঁর রীতিমতো আনন্দ হচ্ছে বলে জানালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বললেন, "এই বাংলায় দেখতে চেয়েছিলাম। এখন দেখতে পাচ্ছি। খুব আনন্দ লাগছে।"
মুম্বই থেকে বিশেষ কাজে সোমবার কলকাতায় আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। দমদম বিমানবন্দরে নামার পর আরজি কর ইস্যুতে কলাকুশলীদের পথে নামার প্রসঙ্গে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে মিঠুন চক্রবর্তী বলেন, "খুব আনন্দ হচ্ছে। আমরা যেন এই আন্দোলনে সবাই একসঙ্গে থাকতে পারি।" তারপরেই তিনি বলেন, "আমি বলছি মানে বিজেপি বলছে না, আমি মিঠুন চক্রবর্তী হিসেবে বলছি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনে আমরা যেন সবাই একসঙ্গে থাকি।" তবে এরপরেই তদন্তের বিষয়ে প্রশ্ন করা হলে অবশ্য তিনি বলেন, "ওটা লিগাল বিষয়। আমি বলতে পারব না।"
গত ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চারতলার সেমিনার রুম থেকে মেলে পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অর্ধনগ্ন দেহ। তাঁকে ধর্ষণ করে খুনের অভিযোগে ইতিমধ্যেই সঞ্জয় রাই নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত ভার নেয় সিবিআই। তারপর থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাই তদন্ত চালাচ্ছে। এই ঘটনায় শুধু রাজ্য নয়, শোরগোল পড়েছে গোটা দেশে। দোষীদের শাস্তির দাবিতে প্রতিদিনই পথে নামছেন মানুষ।