
বিধায়ক অশোক কীর্তনীয়া ও তাঁর মা
শেষ আপডেট: 18 December 2024 15:44
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ভরদুপুরে জনবহুল রাস্তার মোড় থেকে বিধায়কের বৃদ্ধা মায়ের গলার হার ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ল বনগাঁয়। বুধবার দুপুরে বনগাঁ থানার বাটার মোড় এলাকার যশোর রোডে ঘটনাটি ঘটে।
হার ফিরে পেতে বৃদ্ধা অহল্লা কীর্তনীয়া বনগাঁ থানার দারস্থ হয়েছেন। অহল্লাদেবী বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়ার মা। প্রিয় সোনার হারটি খুইয়ে কান্নায় ভেঙে পড়েন বছর ৭৫ এর বৃদ্ধা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, এদিন দুপুরে বাটার মোড়ে ওষুধ কিনতে গিয়েছিলেন তিনি। তখন মোটরবাইকে আসা ২ যুবক ওই বৃদ্ধার কাছাকাছি এসে আচমকাই তাঁর গলা থেকে সোনার হার খুলে একটি বোতলের মধ্যে পুড়ে নেয়। বৃদ্ধা চেঁচামেচি করতেই ছুটে আসেন এলাকার মানুষ। ততক্ষণে বাইক চালিয়ে এলাকা থেকে চম্পট দিয়েছে ওই দুষ্কৃতীরা।
ওই বৃদ্ধার জামাই জগন্নাথ মজুমদার বলেন, "দিনেরবেলা জনবহুল এলাকা বনগাঁর বাটার মোড়ে ওষুধ কিনতে গিয়েছিলেন উনি। সবার চোখের সামনেই গলার সোনার হার খুলে নিয়ে চলে গেল দুষ্কৃতীরা। এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সাধারণ মানুষের নিরাপত্তা তলানিতে গিয়ে ঠেকেছে।"
অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ কর্তারা জানান, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি চলছে।