
শেষ আপডেট: 31 October 2024 15:19
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রামের বাদুতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। ঘটনার দিনই মৃত্যু হয়েছে এক জনের। পরে আরও দুজনের মৃত্য়ু হয়। ভয়াবহ ওই বিস্ফোরণে আরও বেশ কয়েকজন আহত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বুধবার রাতে বারাসত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জয়দেব কর্মকার নামে এক শ্রমিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয়েছে আরও এক শ্রমিক শের আলির। দুই শ্রমিকের শরীরের প্রায় ৮০ শতাংশই ঝলসে গিয়েছিল। গুরুতর জখম অবস্থায় তাঁদেরকে ভর্তি করা হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বার্ন ওয়ার্ডে তাঁদের চিকিৎসা চলছিল। অগ্নিকাণ্ডে আগেই মৃত্যু হয়েছিল বিশ্বনাথ বসু নামে এক শ্রমিকের।
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলেছেন রাসায়নিক কারখানার মালিকের জামাই কুলদীপ সিংও। তিনিও ভয়াবহ এই অগ্নিকাণ্ডে গুরুতর জখম হন। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল বারাসত মেডিক্যালে। পরে, শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়।
বুধবার মধ্যমগ্রামের কাছের বাদুতে কাঞ্চনতলার কাছে গোডাউনে মূলত পেট্রল রিফাইন করার কাজ হত। সেই গোডাউনে আগুন লাগে। প্রতি শিফটে ১৫ জনের মতো শ্রমিক গোডাউনে কাজ করতেন। বুধবারও গোডাউনে আগুন লাগার সময়ে ৪-৫ জন শ্রমিক ছিলেন।