
জয়ন্ত সিংয়ের শাগরেদদের আদালতে তোলা হচ্ছে। নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 16 July 2024 18:34
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পুলিশ কোনও তথ্য দিতে পারেনি। তাই অন্তর্বর্তী জামিন পেয়ে গেল নাবালকের উপর অমানুষিক নির্যাতনে অভিযুক্ত জয়ন্ত সঙ্গী প্রসেন দাস। ওই কিশোরকে এখনও খুঁজে বার করতে পারেনি পুলিশ। তবে আধিকারিকরা জানিয়েছেন, তাকে খুঁজে বার করার সমস্ত চেষ্টা চলছে।
আড়িয়াদহে মা-ছেলেকে বেধড়ক মারধরের ঘটনায় গ্রেফতার করা হয় কামারহাটির দুষ্কৃতী জয়ন্ত সিংকে। তারপরেই প্রকাশ্যে আসে পরপর দুটো ভাইরাল ভিডিও। এর কোনটির সত্যতাই যাচাই করেনি দ্য ওয়াল। ভিডিও দুটির একটি দেখে আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে এক দম্পতিকে নৃশংসভাবে মারধরের ঘটনায় জয়ন্ত সিং ও তার বেশ কয়েকজন সাগরেদকে চিহ্নিত করে পুলিশ। গ্রেফতার করা হয় জয়ন্তের ওই সাগরেদদের। অন্য ভিডিওতে চোর সন্দেহে এক কিশোরের গোপনাঙ্গ সাঁড়াশি দিয়ে চেপে ধরতে দেখা যায় জয়ন্ত সঙ্গী প্রসেন দাস ওরফে লাল্টু নামে এক দুষ্কৃতীকে।
সেই প্রসেনকেই মঙ্গলবার ব্যক্তিগত ২হাজার টাকা বন্ডে অন্তর্বর্তী জামিন দিল আদালত। আদালত সূত্রে জানা গেছে, পুলিশ ওই কিশোরের সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি। জমা করতে পারেনি ওই কিশোরের মেডিক্যাল রিপোর্টও। তাই জামিন হয় অভিযুক্তের। ক্লাবঘরে হাত-পা ঝুলিয়ে এক দম্পতিকে বেধড়ক মারধরের ভিডিওটি ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে তোলা বলে দাবি করেছিল পুলিশ। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে আড়িয়াদহের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল গুপ্ত নামের এক বাসিন্দার বাড়িতে মোবাইল ফোন চুরি যায়। থানায় অভিযোগ দায়ের না করে চুরির ঘটনায় এক দম্পতিকে সন্দেহ করে আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা জয়ন্ত সিং ও তার ছয় শাগরেদকে গ্রেফতার করা হয়েছে।
তবে চোর সন্দেহে কিশোরের উপর অকথ্য নির্যাতনের ভিডিওটি কবেকার তা এখনও স্পষ্ট নয়। এই অত্যাচারের ভিডিও ছড়িয়ে পড়তেই তদন্ত শুরু করে পুলিশ। মারধরের ঘটনায় চিহ্নিত করে জয়ন্ত সিংহের শাগরেদ লাল্টুকে গ্রেফতারও করে। থানায় এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এখনও ওই কিশোরের কোনও হদিশ না মেলায় অন্তর্বর্তী জামিন পেয়ে যায় অভিযুক্ত প্রসেন দাস ওরফে লাল্টু।