
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক ছাত্র
শেষ আপডেট: 23 August 2024 17:31
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক ছাত্র। শুক্রবার সকালে মার্মান্তিক ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার ৪ নম্বর বিচুলি ঘাটে। ছাত্রের নাম প্রিন্স কুমার কাহার (১৭)। তাঁর বাড়ি ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাবু কোয়ার্টার ৭ নম্বর গলির কমলা হাই স্কুলের কাছে। প্রিন্স কাঁকিনাড়া হাই স্কুলের ক্লাস ইলেভেনের ছাত্র ছিল সে।
বাবা বিজয় কুমার কাহার জানান, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বিহার থেকে আগত তাঁর দুই ভাইপো নিয়ে ছেলে বিচুলি ঘাটে গঙ্গায় স্নান করতে নেমেছিল। দুই ভাইপো সিঁড়ির ওপর দাঁড়িয়ে স্নান করছিল। ছেলে ঘাটের কাছেই স্নান করছিল। সেই সময়ে জোয়ার আসে। স্রোতে তলিয়ে যায় প্রিন্স। দুই ভাইপো চিৎকার করলেও ঘাটে তখন লোকজন ছিল না। তারা ছুটে গিয়ে বাড়িতে খবর দেয়। পুলিশ খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বেলার দিকে তারা নদীতে ডুবুরি নামিয়ে প্রিন্সের খোঁজে তল্লাশি শুরু করে।
বিজয়ের দাবি, ছেলে সাঁতার জানে না। নদীতে তল্লাশি চালাতে প্রশাসন দেরি করেছে। বেলা ১১টার দিকে ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত তল্লাশি প্রিন্সের খোঁজ পায়নি পুলিশ।