
প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 September 2024 12:15
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: আরজি কর নিয়ে উত্তাল গোটা দেশ। তারই মধ্যে ফের ধর্ষণের অভিযোগ উঠল ক্যানিংয়ে। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে এক বধূকে ধর্ষণের অভিযোগ উঠল তারই পড়শির বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, শুক্রবার সকালে এই ঘটনা ঘটলেও আতঙ্কে থানার দ্বারস্থ হননি তাঁরা। কারণ তাঁর সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়েছিল দুর্বৃত্ত।
পরিবারসূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে নির্যাতিতার স্বামী তাঁদের সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গেছিলেন। তখন বাড়িতে একাই ছিলেন ওই বধূ। নির্যাতিতা জানান, সেই সময়েই ওই প্রতিবেশী বাড়ির দরজায় কড়া নাড়ে। দরজা খুলতেই জোর করে ঘরে ঢুকে পড়ে সে। এরপরে জবরদস্তি তাকে ধর্ষণ করে। কাউকে বললে তাঁর সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়।
সেই কারণেই ভয়ে প্রথমে কাউকে কিছু বলেননি ওই বধূ। পরে স্বামীকে ঘটনার কথা জানান এবং রবিবার রাতে নরেন্দ্রপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তাঁরা। এদিকে শুক্রবার সকালে ওই ঘটনার পর থেকেই অভিযুক্তকে আর এলাকায় দেখতে পাননি কেউ। অভিযুক্তের স্ত্রী জানান, ওইদিন সকালে তিনি এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। বড় ছেলেও বাড়িতে ছিল না। ওই সময়েই তাঁর স্বামী এমন কাণ্ড ঘটিয়েছে বলে মনে করেন তিনি। স্বামী হলেও এমন কাণ্ডে অভিযুক্তের সাজাই চাইছেন তিনি।
বারুইপুর পুলিশ জেলার ডিএসপি (ক্রাইম) ফয়জ়ল বিন আহমেদ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি চলছে।