
শেষ আপডেট: 29 August 2024 16:41
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আরজি করের ঘটনার পরে ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। নারী সুরক্ষার দাবিতে আন্দোলন চলছে। এমন পরিস্থিতিতে ছ'বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল হাবরায়। প্রতিবাদে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
ওই শিশুর প্রতিবেশী বছর ৩৪ এর যুবক সতীশ সরকারের বিরুদ্ধে ছবছরের ওই শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসে হাবরা থানার পুলিশ। গ্রামে পুলিশকে ঢুকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ।
তুমুল উত্তেজনা ছড়ায় হাবরায়। জনতার অবরোধে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে। ন্যায় বিচার চেয়ে স্লোগান চলতে থাকে। বিক্ষোভকারীদের সরাতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরে জনতাকে বুঝিয়ে অবরোধ তোলে পুলিশ।
হাবরা থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।