
৩ মাস ধরে মেলেনি রেশন, দত্তপুকুরে হুলস্থুল
শেষ আপডেট: 30 October 2024 14:19
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভে ফেটে পড়লেন উপভোক্তারা। তাঁদের অভিযোগ, বায়োমেট্রিককে আঙুলের ছাপ নিয়ে স্লিপ দেওয়ার পরেও রেশন মেলেনি। তিন মাস ধরে এমন চলতে থাকায় তেতে ওঠে দত্তপুকুরের ময়না গোদি এলাকা।
স্থানীয়রা জানিয়েছেন, ময়না গোদি এলাকায় একটি মাত্র রেশন দোকান রয়েছে। এই দোকানের আওতায় রয়েছেন ২৫ হাজার উপভোক্তা। তাঁদের অভিযোগ, একটি মাত্র ডিলার হওয়ার তাঁরা রেশন ঠিকমতো পান না। সুমন ভদ্র নামে ওই রেশন ডিলারের কাছে বেশিরভাগ সময়েই হিসাব মতো আটা বা চাল থাকে না। ফলে অসুবিধায় পড়তে হচ্ছে উপভোক্তাদের।
উপভোক্তা শাহানুর রহমানের অভিযোগ, গত তিন মাস ধরে গ্রামে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে না। তাই রেশন পাচ্ছেন না তাঁরা। ডিলারের দোকানে এসেও তাঁরা জানতে পেরেছেন, যে সেখান থেকে প্রায় তিন-চার সপ্তাহ ধরে রেশন দেওয়া হয়নি। ফলে ডিলারের কাছে রেশন এসেছে বলে জানতে পেরেই উপভোক্তারা সেখানে চড়াও হন। এতেই বিশৃঙ্খলা ছড়ায়।
আরেক উপভোক্তা জাকির হোসেনের দাবি, গোটা এলাকা জুড়ে এক মাত্র ডিলার এই সুমন ভদ্র। রেশনের জন্য তাঁর উপর নির্ভরশীল প্রায় ২৫ হাজার উপভোক্তা। রেশন নিতে এলে তাই লম্বা লাইনে অপেক্ষা করতে হয় উপভোক্তাদের। তাই তাঁরা চান এলাকায় আরও আরও ডিলার বাড়ানো হোক। এতে সকলেই উপকৃত হবেন।
রেশন নিয়ে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা উপভোক্তাদের বোঝানোর চেষ্টা করে। দীর্ঘক্ষণ ধরে বিক্ষুব্ধ উপভোক্তাদের সঙ্গে পুলিশের কথা চলতে থাকে। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যা বারাসাত ব্লক১ এর সভাপতি হালিমা বিবি। তিনি জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এই রেশন ডিলার। তার ফলেই রেশন সামগ্রী দিতে হয়তো কিছু অসুবিধা হয়েছে। তবে এই বিষয়েটি অনভিপ্রেত। তাই ওই রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।