
ভাটপাড়ায় ফের অশান্তি
শেষ আপডেট: 15 November 2024 11:23
দ্য় ওয়াল ব্য়ুরো, উত্তর ২৪ পরগনা: আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়া। আবারও উঠল গুলি চালানোর অভিযোগ। এবার ভাটপাড়া বিজেপি বিধায়ককে দেখে হাত নাড়ানোয় এক যুবক ও তার বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। দাবি গুলিও চালানে হয় সেখানে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে ভাটপাড়া পুর এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের আটচালা বাগান রোডের ১৮ নম্বর গলিতে।
সূত্রের খবর অনুযায়ী ছট পুজোর দিন স্থানীয় যুবক মুকেশ রায় বিজেপি বিধায়ক পবন সিংকে গঙ্গার ঘাটে দেখে হাত নাড়িয়েছিলেন। অভিযোগ, সেই অপরাধে বৃহস্পতিবার একদল দুষ্কৃতী ওই মুকেশের অপর চড়াও হয়। এমন কি তার বৃদ্ধ বাবা রাজবল্লভ রায়কেও মারধর করা হয়। গুলি চালানোর অভিযোগ উঠেছে।
এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন যে স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুনিতা দেবীর ছেলে নমিত সিং এই ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছেন অর্জুন সিং। ভাটপাড়া পুরসভার উপ পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, "আইন আইনের পথে চলবে। পুলিশ তদন্ত করছে ।"
বুধবার থেকেই তেতে ওঠে ভাটপাড়া। ওইদিন ছিল নৈহাটি বিধানসভার উপনির্বাচন। কড়া নিরাপত্তায় যখন ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছিল। সেই সাতসকালেই ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। বুধবার সকালে অশোক সাউ বাজার করতে বেরিয়েছিলেন। তখনই এই হামলা হয়।
গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল নেতাকে। অবস্থার অবনতি হওয়ায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি করে পালানোর সময় বোমা ছুড়তে ছুড়তে পালিয়ে যায় তারা। বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের লোকজন। তারপরেই অপরাধীদের খোঁজে তল্লাশি শুরু হয়। বৃহস্পতিবার একজনকে গ্রেফতার করে পুলিশ।