
শেষ আপডেট: 13 November 2024 11:55
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা
বড়মার মন্দিরে পুজো দেওয়া নিয়ে বুধবার সকালে গোল বাঁধল নৈহাটিতে। এদিন রাজ্যের ছ'টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। এর মধ্যে অন্যতম উত্তর ২৪ পরগনার নৈহাটি কেন্দ্রটি। ভোটের দিন ভক্তদের ভিড় এড়াতে বন্ধ রাখা হয় নৈহাটির বড়মা মন্দির। কিন্তু এই খবর জানতেন না ভক্তদের অনেকেই। স্বভাবতই দূরদূরান্ত থেকে বড়মার পুজো দিতে এসে নিরাশ হতে হয় তাঁদের।
অথচ সেই কেন্দ্রেরই তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে এদিন সকালে এসে পুজো দেন। আর সেই খবর জানাজানি হতেই পুজো দিয়ে বেরোনোর সময় প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বড়মার মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা।
দ্বিচারিতার অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের বক্তব্য, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও তাদের ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। অথচ শাসক দলের নেতা এসেই ভিতরে ঢুকলেন এবং পুজোও দিলেন।
ভক্তদের প্রশ্ন, নির্বাচনের সাথে মন্দির বন্ধ রাখার কী সম্পর্ক? তারপরেও মন্দির কর্তৃপক্ষ যদি মনে করে থাকেন মন্দির বন্ধ রাখবেন, সেই নির্দেশিকা সোশ্যাল মিডিয়ার মারফত জানানো উচিত ছিল। তা তাঁরা করেননি। অনেক দূর দূর থেকে ভক্তরা এসে দেখেন মন্দিরের দরজা বন্ধ। অথচ পুজো দিচ্ছেন তৃণমূল প্রার্থী।
তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন "যাঁরা অভিযোগ করছে তাঁদের অভিযোগ রাশিতে জন্ম। তাই তারা অভিযোগ করছে। মায়ের কাছে প্রার্থনা করলাম মানুষ যাতে সুখে থাকে, ভোট পর্ব যাতে শান্তিতে মেটে।" জানা গিয়েছে, পরিস্থিতির চাপে এদিন মন্দির খুলে দেওয়া হয়, যাতে ভক্তরা দেবী দর্শন করতে পারেন। তবে পুজো বন্ধই রাখা হয়।