.jpeg)
শেষ আপডেট: 25 February 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বসিরহাট থানার দণ্ডীরহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় এক মহিলাকে উদ্ধার করল বসিরহাট থানার পুলিশ। বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে মৃতার নাম মরিয়ম খাতুন বয়স (২৬)। বাড়ি দেগঙ্গা থানার ইয়াজপুর এলাকায়।
সূত্রের খবর ওই মহিলা বেড়াচাঁপায় একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করতেন। ওই নার্সিং ট্রেনিং সেন্টারের কর্মী এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। সোমবার সন্ধ্যার পর ওই সেন্টারের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভিতরে শব্দ পেয়ে এলাকাবাসীর সন্দেহ হয়, তারপর বসিরহাট থানার পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে দেখে গলায় দড়ি দিয়ে ঝুলছেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ওই মহিলার বাড়ি দেগঙ্গা থানার ইয়াজপুর এলাকায়। তাঁর পরিবারের লোকেদের খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানান, মাসখানেক আগেই ওই এলাকায় বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টারটি খোলা হয়েছিল।
মৃত তরুণীর স্বামী আলমগীর মণ্ডল বলেন, "সকালে বাড়ি থেকে বার হয়। আসার সময় বলে অফিসে কাজ রয়েছে। আমি বারণ করলেও শোনেনি। আমি জানতে পেরেছি বসিরহাটের এক যুবকের সঙ্গে ওর সম্পর্ক ছিল। সেই পরিকল্পনা করে আমার স্ত্রীকে খুন করেছে। ও আত্মহত্যা করতে পারে না।" যার নামে অভিযোগ সেই আসাউদ্দিন মোল্লা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "ওই তরুণী নেশাগ্রস্ত অবস্থায় এসেছিল আমার সঙ্গে দেখা করতে, আমি তাকে বাড়ি চলে যাওয়ার জন্য বলি। সে সঙ্গে সঙ্গে দোতলায় উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয়, ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ না মেলেনি। তখন পাশে থাকা এক কাঠমিস্ত্রিকে ডেকে এনে দরজা ভাঙি। ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় ওকে দেখতে পাই।"
গত বছরের ৯ অগস্ট এক চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে। তাঁর ধর্ষণ এবং খুন করার ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। ইতিমধ্যে কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দণ্ডিত করা হয়েছে। দেওয়া হয়েছে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এখনও ক্ষোভ-দুঃখ -হতাশা পুরোপুরি ঝেড়ে ফেলতে পারেননি রাজ্যের মানুষ। এবার বেসরকারি নার্সিং ট্রেনিং সেন্টার থেকে উদ্ধার হল তরুণীর দেহ।