
হাসাপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মী
শেষ আপডেট: 10 April 2025 12:14
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: হালিশহরে এক বিজেপি কর্মীকে রাতের অন্ধকারে ইট দিয়ে থেঁতলে খুনের চেষ্টা হল। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে রাজু দে নামে ওই যুবক বুধবার রাতে যখন বাড়ি ফিরছিলেন, সেইসময় তাঁর উপর হামলা হয়। ২৪ নম্বর ওয়ার্ডে কিছু দুষ্কৃতী তাঁকে আটকে রেখে বেধড়ক মারধর করে। ইট দিয়ে মাথায় আঘাত করা হয়।
ওই যুবকের চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। তখন দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কল্যানী জেএনএম হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে চলে আসেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাতে তাঁকে কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, রাজু দে'র অবস্থা এখন স্থিতিশীল।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই রাজু দে অর্জুন সিং ঘনিষ্ঠ বলে পরিচিত এবং তিনি হালিশহরে রাম নবমীর মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। সেই জন্য তাকে মারধর করা হয়েছে।
অবস্থা কিছুটা স্থিতিশীল হতেই রাজু দে অভিযোগ করেন, তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন এবং তিনি রাম নবমীতে মিছিল করেছিলেন। তাই এই হামলা। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই মারধরের ঘটনা ঘটেছে। এরসঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।