
সন্তানকে ফিরে পেলেন বিরাটির নির্যাতিতা
শেষ আপডেট: 3 July 2024 16:54
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: এক সপ্তাহ পরে সন্তানকে কোলে ফিরে পেলেন বিরাটির স্টেশনে গণপিটুনির শিকার সেই মহিলা। মঙ্গলবার ১০ মাসের সন্তানকে তাঁর কাছে দিয়েছে চাইল্ড লাইন।
গত ২৬ জুন, বুধবার ট্রেনে চড়ে শিয়ালদহে যাওয়ার সময়ে তাঁকে "শিশু চোর" ভেবে গণপিটুনি দেন যাত্রীরা। এরপরে পুলিশ তদন্ত করে জানতে পারে, যে শিশুকে চুরি করা হয়েছে বলে দাবি তুলছিলেন যাত্রীরা, বাসন্তীর সন্তান। বামনগাছি রেল বস্তির বাসিন্দা ওই মহিলা মানসিক অসুখে ভুগছেন। তাকে ছেড়ে দেওয়া হলেও তাঁর ১০ মাসের সন্তান চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠিয়ে দেয় পুলিশ। এদিন বারাসতের আশ্রয় হোমে ছিল ওই শিশু। অপুষ্টিজনিত রোগে ভোগায় সেখানেই তার চিকিৎসা চলতে থাকে। সন্তানকে ফিরে পেতে বেশ কিছু আইনি জটিলতা পোহাতে হয়েছে বাসন্তী ও তাঁর স্বামী রামেশ্বর পাণ্ডেকে। অবশেষে মঙ্গলবার নিজেদের সন্তানকে কাছে পেলেন তাঁরা।
সপ্তাহখানেক বাদে সন্তানকে কাছে পেয়ে বাসন্তীর মুখে হাসি ফুটেছে। ভুলতে চাইছেন ৭দিন আগের ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি। মায়ের কোলে ভালই আছে সেই ১০ মাসের শিশু। প্রতিবেশীরা জানিয়েছেন, শুধু উদ্বেগে কাটিয়েছেন বাসন্তী ও তাঁর স্বামী। সন্তানকে দেখতে না পেয়ে চোখ মুখ শুকিয়ে গেছিল বাসন্তীর। সারাক্ষণ থানা ও হোমের চক্কর দিতে হয়েছে তাদের। গুজবের জন্য এভাবেই মানসিক যন্ত্রণায় ভুগতে হয়েছে এক মাকে, এর দায় কে নেবে? সেই প্রশ্নই ঘুরছে পড়শিদের মুখে।