
মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা, প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 October 2024 12:20
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার সকালে মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর জখম তার ভাই। বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন দুই ভাই। তখন একটি মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। মালবাহী গাড়ির চালককেও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মালবাহী গাড়ি কলকাতা থেকে বজবজের দিকে যাচ্ছিল। তখন ১০ বছরের ভাইকে নিয়ে বাইক চালিয়ে কলকাতায় ফিরছিলেন অভিজিৎ হালদার (২০) নামে ওই যুবক। সম্প্রীতি উড়ালপুলের উপর ঠিক চন্দননগরের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। অভিজিৎ ও তার ভাই সৌভিককে(১০) উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা অভিজিৎকে মৃত বলে ঘোষণা করেন। সৌভিকের অবস্থাও আশঙ্কাজনক। দুর্ঘটনায় জখম হয়েছেন ঘাতক গাড়ির চালক নাচরে আলমও (৩৮)। তিনিও হাসপাতালে ভর্তি।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বাড়ি ফিরছিলাম। সেই সময় দেখি খুব জ্যাম। একটু এগিয়ে এসে দেখতে পাই একটা দুর্ঘটনা ঘটেছে। এরপরেই শুনি একজন দুর্ঘটনায় মারা গিয়েছে। দেখতে পাই একটা বাইক পুরোপুরি ঢুকে গেছে মালবাহী গাড়ির নীচে।”
খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় উদ্ধার কাজ। অভিজিৎ ও সৌভিকের বাড়ি কলকাতার চেতলা এলাকায়। উৎসবের প্রাক মুহূর্তে এই খবরে শোকের ছায়া নামল পরিবারে।