
নিখোঁজ যুবক
শেষ আপডেট: 29 July 2024 19:07
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: গত তিন মাস ধরে রহস্যভাবে নিখোঁজ ভাটপাড়ার এক তরুণ। এত দিন ধরে ছেলের খোঁজ না মেলায় উদ্বিগ্ন গোটা পরিবার।
ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রামনগর কলোনির বাসিন্দা ১৮ বছরের রোহিত বর্মার। গত ১৯ এপ্রিল বাড়ির সামনে থেকে রোহিত নিখোঁজ হয়ে যায়। চারিদিকে খোঁজ খবর নিয়েও বিফল হয়েছেন পরিবারের লোকজন। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেও কোনও সুরাহা পাওয়া যায়নি। ফলে তিন মাস ধরে দুশ্চিন্তায় দিন কাটছে তরুণের পরিবারে।
রোহিতের দিদি বলেন, "ভাইয়ের বয়স ১৮ বছর হলেও তাঁর মানসিক বিকাশ তেমনভাবে ঘটেনি। বিশেষভাবে সক্ষম সে। কথাও বলতে পারে না। এই ঘটনার কয়েকবছর আগেও রোহিত বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছিল। কিন্তু তিনদিন পরে কল্যানীর একটি হোম থেকে তাঁকে পাওয়া যায়। কিন্তু এবার তিন মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু ভাইয়ের খোঁজ মিলছে না।"
ওই তরুণী আরও জানান, ঘটনার দিন রোহিতকে তিনি বাড়ি সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল। পরে সেখান থেকেই ওই তরুণ নিখোঁজ হয়ে যান।
রোহিতের কাকিমা জানিয়েছেন, রোহিতের মা নেই। তাঁরাই দেখাশোনা করেন। বাড়ি ছেলে আচমকা কোথায় চলে গেল, সেই দুশ্চিন্তায় তাঁদের ঘুম উড়েছে। রোহিতের খোঁজ পেতে তাঁরা দিশেহারা। সম্ভব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোনও সুরাহা মিলছে না। ভাটপাড়া থানাও কোনও হদিশ দিতে পারেনি বলে ক্ষোভ উগরে দিয়েছেন ওই মহিলা।