
শেষ আপডেট: 5 August 2024 14:33
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন ক্লাস টুয়েলভের এক ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে কাঁকিনাড়া জুটমিলের গঙ্গাঘাটে উত্তেজনা ছড়ায়। ওই তরুণকে স্রোতে তলিয়ে যেতে দেখে অনেকেই তাঁকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানাগিয়েছে, নিখোঁজ ওই নাম করণ সাউ (১৮)। কাঁকিনাড়া ছোট শ্রীরামপুর বাড়ি তাঁর। এখন ওই তরুণের দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। গঙ্গায় জোর কদমে তল্লাশি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকজন তরুণ মিলে কাঁকিনাড়ার ওই গঙ্গার ঘাট থেকে স্নান করতে গঙ্গায় ঝাঁপ দিচ্ছিল। ওই তরুণও তাঁদের সঙ্গে ঝাঁপ দেয়। তখনই তলিয়ে যান তিনি।
করণের এক বন্ধু বলেন, স্নান করার সময় জোয়ার ছিল গঙ্গায়। বন্ধুরা মিলে লাফালাফি করছিলাম। করণ পাড়ে দাঁড়িয়েছিল। আমাদের দেখেই করণ গঙ্গায় ঝাঁপ দেয়। ও সাঁতার জানত না। ওকে তলিয়ে যেতে দেখে আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম। কিন্তু স্রোতে তলিয়ে যেতে থাকে।
এঘটনার খবর পেয়ে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ কুমার সাউ ঘাটে ছুটে গিয়েছিলেন। পরিস্থিতি খতিয়ে দেখেন। ভাটপাড়া থানায় পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। ওই তরুণকে খোঁজার চেষ্টা চলছে গঙ্গায়। এদিকে ছেলে গঙ্গায় তলিয়ে যাওয়া কান্নায় ভেঙে পড়েছে তরুণের পরিবার।