
শেষ আপডেট: 5 September 2024 09:15
দ্য ওয়াল ব্যুরো: রাস্তায় কিশোরীকে ধারাল অস্ত্রের একাধিকবার কোপ! অভিযুক্তকে পাকড়াও করে বেধড়ক মারধর করলেন স্থানীয়রা। বুধবার দুপুরে বেলঘরিয়ার প্রফুল্ল নগরের রাস্তায় এমন ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অপারেশন চলছে। রাস্তার মধ্যে কীভাবে কিশোরীর উপর এই ধরণের হামলা হল? তাই নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। কিশোরীর পাড়ার লোকজন বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে অবরোধ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে ওই কিশোর-কিশোরীর মধ্যে ঝগড়া চলছিল। কিশোরী আচমকা ওই কিশোরের গালে থাপ্পড় কষায়। এতে খেপে যায় কিশোর। ধারাল অস্ত্র বের করে কিশোরীর উপর ঝাঁপিয়ে পড়ে সে। কিশোরী বাঁচার চেষ্টা করলে এক পর এক কোপ মারতে থাকে ওই কিশোর। রাস্তায় এমন ঘটনা ঘটতে দেখে স্তম্ভিত হয়ে পড়েন পথচারীরা। কিশোর পালাতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে মারধর শুরু করে। এতে ওই কিশোরও জখম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুল ছাত্রী ওই কিশোরীকে কয়েকদিন আগে প্রেমের প্রস্তাব দিয়েছিল ওই কিশোর। কিন্তু প্রস্তাবে রাজি হয়নি ওই ছাত্রী। এদিন বাড়ি ফেরার সময়ে ওই কিশোর তার উপর হামলা চালায়। কিশোরীকে পর পর পাঁচটা কোপ মারে। রক্তাক্ত অবস্থায় ওই কিশোরী মাটিতে লুটিয়ে পড়ে। কিশোরীকে উদ্ধার করে কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হয় তার।
এদিকে জনতার রোষ বেধড়ক মারধর খেয়ে গুরুতর আহত ওই কিশোরও। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এরপরেই বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে অবরোধ করেন কিশোরীর পাড়ার লোকজন। কেন রাস্তায় মেয়েদের নিরাপত্তা থাকবে না তাই নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। পুলিশ সেখানে অবরোধ তুলতে গিয়ে বিপাকে পড়ে পুলিশও।