
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 25 September 2024 19:44
দ্য ওয়াল ব্যুরো: দেশি পিস্তল-সহ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার বসিরহাটে। সূত্রের খবর, বুধবার ভোররাতে একদল দুষ্কৃতী বসিরহাটের পিফা এলাকায় জড়ো হয়। খবর কানে পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছে চার দুষ্কৃতীকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।
এদিন ভোররাতে পেট্রলিং ডিউটির সময় পুলিশের নজরে বিষয়টি আসে। গতিবিধি সন্দেহজনক হওয়ায় চার দুষ্কৃতীকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। দুষ্কৃতীদের থেকে দুটি দেশি পিস্তল, আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের নাম আবদার আলি, গফুর গাজি, মহিদুল গাজি ও বাসুদেব সাঁতরা। চার জনের মধ্যে তিনজন হাড়োয়া থানা এলাকার বাসিন্দা এবং অপরজনের বাড়ি মাটিয়া থানায় এলাকায়। উত্তর চব্বিশ পরগণার বিভিন্ন এলাকায় ছিনতাই, খুন, ডাকাতি-সহ একাধিক অভিযোগ তাদের নামে রয়েছে।
বুধবার ভোররাতে কী কারণে দুষ্কৃতীরা ওই জায়গায় জড়ো হয়েছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডাকাতির কোনও পরিকল্পনা থেকেই প্ল্যান সাজানো হচ্ছিল।
পুলিশের নজরে বিষয়টি আসতেই প্রথমে চার জনকে আটক করে থানায় নিয়ে আসে বসিরহাট থানার পুলিশ। পরে তাদের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হতেই গ্রেফতার করা হয় চার দুষ্কৃতীকে।