
বিএসএফ তল্লাশি
শেষ আপডেট: 4 September 2024 17:39
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: অশান্ত বাংলাদেশ এখন কিছুটা হলেও শান্ত। অন্তর্বর্তী সরকারের অধীনে ছন্দে ফিরছে ঢাকা। তবে চোরাকারবারিদের দৌরাত্ম্য লেগেই রয়েছে। এবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার হওয়ার আগেই বস্তাভর্তি বিরল প্রজাতির কচ্ছপকে উদ্ধার করল বিএসএফ। এক পাচারকারীকেও আটক করেছে তারা।
স্বরূপনগর থানার বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্ত। মঙ্গলবার ভোররাতে সীমান্তে টহল দিচ্ছিল বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। স্থানীয় এক বাসিন্দাকে সীমান্ত পেরিয়ে এক বাংলাদেশের সীমান্ত পেরতে দেখে বিএসএফ। সঙ্গে একটি ভারি বস্তা দেখে সীমান্তরক্ষীদের সন্দেহ হয়। ওই যুবককে জেরা করতে থাকে বিএসএফ। তল্লাশি চালাতেই বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়। জেরায় ওই যুবক জানিয়েছে, বাংলাদেশে সেগুলি বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল।
বিএসএফ জানিয়েছে, আটক ওই যুবকের নাম আল মাসুদ গাজি। তার কাছ থেকে ১৫৫টি বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া গেছে। মাসুদকে পরে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। উদ্ধার হওয়া কচ্ছপগুলি বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।