
বারাসত মেডিক্যাল
শেষ আপডেট: 23 August 2024 20:10
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দুদিনের বৃষ্টিতে ভেঙে পড়েছে বারাসত পুরসভার নিকাশি ব্যবস্থা। জলমগ্ন হয়ে পড়েছে পুরসভার ৩৫ টি ওয়ার্ড। জল ঢুকে পড়েছে বারাসত, পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালও।
শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টির হতেই বারাসাত মেডিকেল কলেজে জল জমে যায়। জরুরি বিভাগ সহ একাধিক ওয়ার্ড জল ঢুকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। অপেক্ষারত আত্মীয়-পরিজনের বসে থাকার মতো শুকনো জায়গা পাচ্ছেন না।
আব্দুল খালেকের মেয়ে এই হাসপাতালে ভর্তি। মেয়ের জন্য তাঁকে কয়েকদিন ধরেই এই হাসপাতালে পড়ে থাকতে হচ্ছে। বৃষ্টির জন্য সকাল থেকে অসুবিধায় পড়তে হয়েছে তাঁকে। চারিদিকে জল জমে থাকায় বসে অপেক্ষা করা জায়গা তিনি খুঁজে পাননি। পরে হাসপাতালেই একটি চাতালে কোনও রকমে ঠাঁই হয়েছে তাঁর। আব্দুল বলেন, "সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকে জল জমে আছে। কিন্তু জল সরানোর কোনও ব্যবস্থা করছে না কর্তৃপক্ষ। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে।"
গোলামনবী সর্দারের ছেলে হাসপাতালে ভর্তি রয়েছে। তিনিও কয়েকদিন ধরেই হাসপাতালে রয়েছেন। গোলামনবীর কথায়, "সকাল ১০ থেকে জলমগ্ন হাসপাতাল চত্বর। কিন্তু কর্তৃপক্ষ কাউকে জল নিকাশির ব্যবস্থা নিতে দেখিনি।"
কর্তৃপক্ষ জানিয়েছে, পাম্প চালিয়ে যুদ্ধকালীন তৎপরতায় জল নামানোর চেষ্টা করা হয়েছে। হাসপাতালে নীচের ফ্লোরে জল জমে গিয়েছিল। সকাল থেকে বৃষ্টি হওয়ায় চারিদিকেই জল জমেগিয়েছে। তবে রোগী পরিষেবায় কোনও ঘাটতি হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ১৯৭৮ সালের বন্যার পরে এই প্রথম জলমগ্ন হয়ে পড়েছে বারাসতের বিভিন্ন ওয়ার্ড। কিন্তু নিকাশি ব্যবস্থা সংস্কার হয়নি। তাই এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এর জন্য লাগামহীন প্রোমোটিং, হকারদের অবৈধ দায়ী।