
বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস
শেষ আপডেট: 10 July 2024 14:00
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: উপনির্বাচন ঘিরে বুধবার সকাল থেকে তেতে ওঠে বাগদা। শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে বেলা গড়াতেই চুড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাসকে মারধরের অভিযোগ ওঠে। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলেও অভিযোগ। নির্দল প্রার্থী সত্যেন অধিকারীর এজেন্টকেও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
সকাল ৭ টায় ভোট গ্রহণ শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী বিনয়কুমার বিশ্বাস। তিনি দাবি করেন, কনিয়ারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৯৩ নম্বর বুথটি সকাল থেকেই বুথ জ্যাম করে রাখে শাসকদল। বাইরের থেকে লোক ঢোকানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যত বেলা গড়াতে থাকে ততই বাড়তে থাকে আঁচ। একাধিক জায়গায় বুথ জ্যাম হয়েছে বলে অভিযোগ করেন পদ্ম শিবিরের প্রার্থী।
বিজেপির এই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বাগদার দেয়ালদহ প্রাথমিক বিদ্যালয়ের ৮১ এবং ৮২ নম্বর বুথে | তবে স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব সর্দার বিজেপির এই অভিযোগ উড়িয়ে দেন। দেয়ালদহতে নির্দল প্রার্থী সত্যেন অধিকারীর এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরেও তুমুল উত্তেজনা সৃষ্টি হয়।
বেলা বারোটা নাগাদ ১৮৮ নম্বর বুথের সামনে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। এখানে ভোটার ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাস। শুরু হয় বচসা। বিনয়বাবুর অভিযোগ, শাসকদলের কর্মীরা তাঁর উপর চড়াও হয়। তিনি গাড়িতে উঠে ঘটনাস্থল ছেড়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূলের কর্মী সমর্থকরা। ইটের ঘায়ে গাড়ির কাচ ভেঙে যায়। তুমুল উত্তেজনা ছড়ায়। পরে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।