
শুভেন্দু অধিকারী- অর্জুন সিং
শেষ আপডেট: 18 July 2024 17:58
দ্য় ওয়াল ব্য়ুরো: তথাগত রায়ের পর এবার 'সবকা সাথ' ইস্যুতে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বললেন, ''শুভেন্দু যা বলেছেন তাকে শতকরা দুশো ভাগ সমর্থন করি। আমার মনে হয় না, উনি মোদীজীর শ্লোগানের কোনও বিরোধিতা করেছেন, এটাও মনে হয় না মোদীজীর বক্তব্যের সঙ্গে ওঁর বক্তব্যের সংঘাত আছে। শুভেন্দু বলেছেন, "সবকা সাথ, সবকা বিকাশ'! যারা বিজেপির সঙ্গে নেই, তাদের সঙ্গে বিজেপিও থাকবে না। এটা একেবারেই রাজনৈতিক একটা বক্তব্য।"
এমনকী শুভেন্দুর মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছায়াও দেখতে পাচ্ছেন অর্জুন সিং। তিনি বলেন,"শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও বলেছিলেন এক দেশ,এক নিশান, এক সংবিধান। যে মানবে না সে আমাদের দেশে কী করে থাকতে পারে! আমার তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখার সৌভাগ্য হয়নি, যেটুকু পড়েছি আর জেনেছি তাতে মনে হচ্ছে শুভেন্দুর কথায় বাঙালি হিন্দুর মধ্যে সেই জোশটা আবার ফিরে দেখছি। উনি যা বলেছেন, তার সঙ্গে আমি শতকরা দুশো ভাগ সহমত।"
বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলীয় বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, "অনেক হয়েছে 'সবকা সাথ, সবকা বিকাশ'! যারা বিজেপির সঙ্গে নেই, তাদের সঙ্গে বিজেপিও থাকবে না।" দলের এই বৈঠকে শুভেন্দু অধিকারী বিজেপির সংখ্যালঘু সেল তুলে দেওয়ার কথাও বলেছেন। তাঁর যুক্তি, বাংলায় মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না। আর যারা ভোট দেয় না, যারা বিজেপির পাশে নেই, তাদের পাশে বিজেপিও থাকবে না। তাঁর সেই মন্তব্য নিয়ে হইচই পড়ে যায় রাজনৈতিক মহলে। যেমন সুকান্ত মজুমদার বলেছেন, এই মন্তব্যের অনুমোদন বিজেপি দেয় না। আবার শমীক ভট্টাচার্য কিছুটা ড্যামেজ কন্ট্রোল করতে বাংলায় হিন্দু-মুসলমান সম্প্রীতির ঐতিহ্যের কথা বোঝাতে চেয়েছেন। যদিও কয়েক ঘণ্টার মধ্যে নিজের মন্তব্য থেকে কিছুটা সরে এসেছেন শুভেন্দু।
তবে বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় পূর্ণ সমর্থন জানিয়েছেন শুভেন্দুকে। তাঁর সাফ কথা, শুভেন্দু যা বলেছেন সেটা তাঁরও মনের কথা। এক্স হ্যান্ডেলে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির স্পষ্ট বক্তব্য, ''শুভেন্দু খোলা স্টেজে যে কথা বলেছে তা ধ্রুব সত্য। সেটা অগণিত বিজেপি কর্মীর হৃদয়ের কথা। আমারও। অভিনন্দন।'' এবার অর্জুন সিংকেও পাশে পেলেন শুভেন্দু।