
শেষ আপডেট: 3 September 2024 18:48
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: টিটাগড় পুরসভার কাউন্সিলর মণীশ শুক্লা খুনের তিন বছর পেরিয়ে গেছে। কিন্তু কোনওভাবেই খুনের চার্জ গঠন করা যাচ্ছিল না। অবশেষে ৩ বছর ১১ মাসের মাথায় টিটাগড়ের বিজেপি নেতার খুনের চার্জ গঠন হল।
২০২০ সালের ৪ অক্টোবর রাতে টিটাগড় থানার সামনে মণীশকে খুন করে আততায়ীরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় বিজেপি নেতার শরীর। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তুমুল আলোড়ন শুরু হয়। মঙ্গলবার ব্যারাকপুর আদালতে শুনানি ছিল। সেখানে চার্জ গঠন হয়। এই খুন ১৩ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। বর্তমানে ১০ জন অভিযুক্ত জেলে বন্দি। তিনজন জামিন পেয়ে জেলের বাইরে রয়েছে। এদিনের টালবাহানার পরে ছেলের খুনের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ায় আশার আলো দেখছেন নিহত বিজেপি নেতার বাবা ডাক্তার চন্দ্রমণি শুক্লা।
ডাক্তার চন্দ্রমণি বলেন, "আমরা একদম আশা ছেড়েই দিয়েছিলাম। খুবই চিন্তার মধ্যে ছিলাম। কারণ ৩ বছর পেরিয়ে গেলেও চার্জ গঠন হচ্ছিল না। কিন্তু ৩ বছর ১১ মাস পরে অবশেষে চার্জ গঠন হল।"
চন্দ্রমণির দাবি, "এই ঘটনায় সমস্ত তথ্যপ্রমাণ নষ্ট করার ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতি যে বিচার পাব কিনা সন্দেহ দেখা দিয়েছিল। অবশেষে চার্জ গঠন করা হল। এদিন চার্জ গঠন না হলে হাইকোর্টের দ্বারস্থ হতাম।"
কয়েকদিন আগে বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে বাংলায় নিয়ে আসা হয়। মণীশের খুনে সুবোধের দলের হাত রয়েছে বলে জানাতে পেরেছিল সিআইডি। এছাড়াও বেশ কয়েকটি খুনের চেষ্টা, ডাকাতির মামলায় সুবোধ ও তার শাগরেদদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর এই মামলার শুনানি রয়েছে।