
ভাঙচুর করা হয় অভিযুক্তের বাড়ি
শেষ আপডেট: 1 September 2024 13:30
দ্য ওয়াল ব্যুরো: মধ্যমগ্রামে বছর ৭ এর নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। বিচার চেয়ে পথে নামলেন গ্রামবাসীরা। আশেপাশের দোকানপাট ভেঙে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। চালানো হয় কাঁদানে গ্যাসও।
শনিবার রাতে ঘটনাটি জানাজানি হতেই মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায় অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন। তাঁর বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিক্ষোভ হঠাতে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। অভিযোগ, অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছেন এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী। পঞ্চায়েত সদস্যার বাড়িতেও চড়াও হন বিক্ষোভকারীরা।
রবিবার সকালেও পরিস্থিতি থমথমে। বিশাল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে পাওয়া খবর, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।