
শেষ আপডেট: 5 September 2024 14:39
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলের আয়োজন করেছিল নাগরিক সমাজ। সেই মিছিল থেকে ফেরার পথে মহিলাকে কটূক্তি করার অভিযোগ উঠল এক মদ্যপের বিরুদ্ধে। মায়ের সঙ্গে এমন ঘটনা ঘটতে দেখে প্রতিবাদ করায় ছেলের কপালেও জুটল মার। বুধবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাব ছড়ায় বারাসাত ডাকবাংলা মোড়ে।
অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি বারাসত ডাকবাংলা মোড়ের মিছিলে গেছিলেন। রাতে তিনি বাড়ির ফিরছিলেন। তখন এক মদ্যপ তাঁকে দেখে কটুক্তি করতে থাকে। সেখানে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন ওই মহিলার ছেলে। মাকে কটুক্তি করতে দেখে প্রতিবাদ করেন মহিলার ছেলে। অভিযোগ, সেই সময় তাঁর ছেলেকে রাস্তা ফেলে মারধর করে ওই ব্যক্তি। ছেলেকে বাঁচাতে গেলে ওই মহিলাকেও ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয় সে। মহিলার শ্লীলতাহানি করার চেষ্টা করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন মা-ছেলেকে বাঁচাতে ছুটে যান। ওই মদ্য়পকে হাতে-নাতে ধরে ফেলেন তাঁরা। আক্রান্ত ওই মহিলাই বারাসাত থানার পুলিশকে ঘটনাস্থলে ডেকে পাঠান। কিছুক্ষণের মধ্যেই বারাসাত থানার পুলিশ সেখানে পৌঁছয়। ওই মদ্যপ ব্যক্তিকে পাকড়াও করে থানায় নিয়ে যায়।
ওই মহিলা বলেন, "আরজি করের বিচার চেয়ে আমরা যখন রাস্তায় প্রতিবাদ করছিলাম, তখন আমাদের প্রতিবাদের কণ্ঠরোধ করার জন্য কিছু লোক এরকম আচরণ করছে। ঘটনার পরে আমার খুব আতঙ্কিত। নিরাপত্তাহীনতায় ভুগছি।" মহিলার ছেলে এখন আহত অবস্থায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই মহিলা ইতিমধ্যেই বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।