দ্য ওয়াল ব্যুরো: টানা দু’মিনিট কুড়ি সেকেন্ড। একটানা বীণার তারের উপর ঝঙ্কার তুললেন এক তরুণী। সুরে বাজল শঙ্কর মহাদেবনের ‘ব্রেথলেস’। এক নিঃশ্বাসে এই গান গেয়ে একসময় নিজের জাত চিনিয়েছিলেন শঙ্কর মহাদেবন। সুরের জগতে সেটা ছিল বিপ্লব। শঙ্করের মতোই এক টানা বিরতিহীন ‘ব্রেখলেস’ বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুললেন বীণা বাদক শ্রীবানী।
ভিডিওটি সম্প্রতি টুইটারে পোস্ট করেছেন শিল্পপতি আনন্দ মাহীন্দ্রা। প্রায়শই টুইটারে নানা রকম পোস্ট করেন তিনি। তাঁর অনেক পোস্টেই থাকে চমক। এ বারে শ্রীবানী বীণা বাজানোর ভিডিও পোস্ট করে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন আনন্দ। ২মিনিট ২০ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করে আনন্দ লিখেছেন, ‘‘তোমার অপূর্ব পারফরম্যান্স সত্যিই ব্রেথলেস। চেতনাকে আচ্ছন্ন করে দেয়। বীণা-শ্রীবানী তুমি অসাধারণ, অবাক হলাম তোমার আঙুল গুলো এমন ছন্দে কীভাবে সুরের সঙ্গে তাল রেখে গেল।’’
https://twitter.com/anandmahindra/status/1053703170990325765
জাভেদ আখতারের কথামালায় সুর দিয়ে ‘ব্রেথলেস’ গান গেয়ে চমকে দিয়েছিলেন শঙ্কর মহাদেবন। বলিউডে জানান দিয়েছিলেন নিজের উপস্থিতি। সেটা ১৯৯৮ সালের কথা। সুরের জগতে এক নতুন শৃঙ্গ জয় করেছিলেন শঙ্কর।
অন্ধ্রপ্রদেশের বাসিন্দা শ্রীবানীর বীণার সুরেও ছিল সেই উন্মাদনা। তেমনি বিপ্লব ঘটানোর প্রচেষ্টা। এই ভিডিও ভাইরাল হওয়ার পর কয়েক হাজার লাইক পড়েছে। শেয়ারও হয়েছে অসংখ্য। প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভিউয়াররা। রিটুইট করে কেউ লিখেছেন ‘‘শ্রীবানী আমি অভিভূত’’, আবার কারোর মতে, ‘‘এটা ছিল র্যাপিড-ফায়ার পারফরম্যান্স।’’