কী ভাবে ক্যালিফোর্নিয়ার ৮০০ ফুট গভীর খাদে পড়ে গিয়েছিলেন ভারতীয় দম্পতি, জানাল ময়নাতদন্তের রিপোর্ট
দ্য ওয়াল ব্যুরো: ছবি তুলতে গিয়ে অসতর্কতাবশত পড়ে গিয়েছিলেন, নাকি ঘটনার নেপথ্যে ছিল অন্য কোনও রহস্য! ক্যালিফোর্নিয়ার জোশেমাইট ন্যাশনাল পার্কের ৮০০ ফুট গভীর খাদে পড়ে ভারতীয় দম্পতির মৃত্যুর পর উঠে এসেছিল এমনই নানা প্রশ্ন। ময়নাতদন্তের রিপোর্টে
শেষ আপডেট: 23 January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: ছবি তুলতে গিয়ে অসতর্কতাবশত পড়ে গিয়েছিলেন, নাকি ঘটনার নেপথ্যে ছিল অন্য কোনও রহস্য! ক্যালিফোর্নিয়ার জোশেমাইট ন্যাশনাল পার্কের ৮০০ ফুট গভীর খাদে পড়ে ভারতীয় দম্পতির মৃত্যুর পর উঠে এসেছিল এমনই নানা প্রশ্ন। ময়নাতদন্তের রিপোর্টে শেষমেশ রহস্যের জট খুলল। জানা গেল, মদ্যপ অবস্থায় সেলফি তুলতেই গিয়েই দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দম্পতি বিষ্ণু বিশ্বনাথ (২৯) এবং মীনাক্ষি মূর্তি (৩০)।
মারিপোসা কাউন্টি করোনার আন্দ্রেয়া স্টুয়ার্টের কথায়, দু'জনেরই পাকস্থলীতে ইথাইল অ্যালকোহল পাওয়া গেছে। সাধারণত, বিয়ার, ওয়াইন জাতীয় মদে ইথাইল অ্যালকোহল থাকে। আন্দ্রেয়া বলেছেন, ৮০০ ফুট নীচে পড়ার ফলে দেহগুলি পুরোপুরি বিকৃত হয়ে যায়। তাই কতটা পরিমাণ মদ্যপান করেছিলেন ওই দম্পতি সেটা সঠিক ভাে জানা যায়নি। তবে অ্যালকোহলের কারণেই বেসামাল হয়ে তাঁরা খাদে পড়ে গিয়েছিলেন এটা নিশ্চিত।
বিষ্ণু ও মীনাক্ষি চেঙ্গানুরে একসঙ্গে কম্পিউটার সায়েন্সে বি-টেক করেন। ২০১৪ সালে বিয়ে হয় তাঁদের। তার পরই চাকরি নিয়ে পাকাপাকি ভাবে নিউইয়র্কে চলে যান দু’জনেই। ভ্রমণের নেশা ছিল বিষ্ণু ও মীনাক্ষির। ছুটি পেলেই ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়তেন তাঁরা।

গত বছর ২৪ অক্টোবর স্ত্রীকে নিয়ে জোশেমাইট ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন বিষ্ণু। ওই পার্কের অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট ‘টাফ্ট পয়েন্ট’। ভূপৃষ্ঠ থেকে ৩৫০০ ফুট উচ্চতায় জোশেমাইট উপত্যকার একটি ভিউ পয়েন্ট এটি। সেখানে ছবি তুলতে গিয়েই ৮০০ ফুট গভীর খাদে পড়ে যান দু’জনেই। ২৫ অক্টোবর তাঁদের দেহ উদ্ধার হয়। ২৯ অক্টোবর ওই দম্পতির দেহ সনাক্ত করে পুলিশ। আন্দ্রেয়া জানিয়েছেন, দু'জনেরই মাথা, গলা, ঘাড়, কোমরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। হাড় দুমড়ে মুচড়ে গিয়েছিল। প্রথমে দেহ সনাক্ত করতে সমস্যা হয়। পরে বিষ্ণুর ভাই যিষ্ণু বিশ্বনাথ এসে দেহ সনাক্তকরণে সাহায্য করেন।