দ্য ওয়াল ব্যুরো : মাঝ আকাশেই প্রসব বেদনা উঠেছিল তরুণীর। যন্ত্রণায় তখন ছটফট করছেন তিনি। তরুণীর অবস্থা দেখে আশঙ্কায় যাত্রীরাও। এগিয়ে এলেন বিমানসেবিকারা। আড়াল করে আগলে রাখলেন তরুণীকে। রাত তখন তিনটে। ফুটফুটে সন্তানের জন্ম দিলেন তরুণী। শুধু কর্তব্য নয়, মানবিকতারও এক নজির তৈরি হল বিমানে।
ঘটনা সোমবার মাঝরাতের। দোহা থেকে ব্যাঙ্কক যাচ্ছিল কাতার এয়ারওয়েজের কিউআর-৮৩০ বিমান। মাঝআকাশেই প্রসব যন্ত্রণা ওঠে বছর তেইশের এক তরুণীর। তিনি থাইল্যান্ডের বাসিন্দা। সঙ্গে সঙ্গেই নিকটবর্তী কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলে জরুরি বার্তা পাঠান বিমানচালক। বিমান যতক্ষণে কলকাতা পৌঁছয়, তার আগেই সন্তানের জন্ম দেন তরুণী।
রাত সওয়া তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে জরুরী অবতরণ করানো হয় কিউআর-৮৩০ বিমানটির। আগে থেকেই বিমানবন্দরে হাজির ছিল অ্যাম্বুলেন্স। তৈরি ছিল মেডিক্যাল টিমও। তরুণী ও তাঁর সদ্যোজাতকে কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে বলে জানা গেছে।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, কাতার এয়ারওয়েজের কিউআর-৮৩০ বিমানের পাইলটের থেকে বার্তা পেয়ে তড়িঘড়ি সব ব্যবস্থা নেওয়া হয়। বিমানের মধ্যেই সন্তানের জন্ম দিয়েছিলেন তরুণী। কাজেই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি না করলে নানারকম সমস্যা দেখা দিতে পারে। মাঝরাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্স ও মেডিক্যাল টিম তৈরি রাখা হয়। বিমানটি কলকাতার মাটির ছোঁয়ার সঙ্গে সঙ্গেই আর দেরি করেননি ডাক্তাররা। তরুণী ও সদ্যোজাতকে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে।
এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই ধন্য ধন্য করেছেন নেটিজেনরা। বিমানসেবিকা ও বিমানকর্মীদের তৎপরতা ও মানবিক প্রয়াসের তারিফও করেছেন অনেকে।