দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মেহেবুব নগর জেলায় ২৩ দিনের শিশুর শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ল। ওই পরিবারের মোট তিনজন করোনা আক্রান্ত। মেহেবুব নগর জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে করোনা আক্রান্ত পরিবারকে।
এই সংক্রমণেও নিজামুদ্দিন যোগ রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ওই শিশুর বাবা তবলিঘি জামাতে যোগ দিতে দিল্লি গেছিলেন। সেখান থেকে করোনা সংক্রমণ নিয়ে ফেরেন তিনি। তারপর মা ও সন্তানের শরীরেও সংক্রামিত হয় মারণ ভাইরাস।
বুধবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার পেরিয়ে গেছে। যার মধ্যে প্রায় দেড় হাজার নিজামুদ্দিন ফেরত জামাত সদস্য। সংক্রমণে নিজামুদ্দিনের জমায়েত কতটা ভূমিকা নিয়েছে দু'দিন আগেই সেই তথ্য দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।
তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট আক্রান্তের ৩০ শতাংশের নিজামুদ্দিন যোগ রয়েছে। তিনি আরও বলেন, এখন ভারতে ৪.১ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। নিজামুদ্দিনের ঘটনা না ঘটলে তা হত ৭.৪ দিনে। অর্থাৎ অর্ধেক দিনে দ্বিগুণ হচ্ছে সংক্রামিতের সংখ্যা। গতকাল কেন্দ্রের তরফে পরিসংখ্যান দিয়ে বলা হয় একজন করোনা আক্রান্তর থেকে ৪০৬ জনের শরীরে তা সংক্রামিত হতে পারে।
এর আগে তেলেঙ্গানায় নিজামুদ্দিন ফেরত ছ'জনের মৃত্যু হয়েছিল। তবে দক্ষিণের এই রাজ্যে সদ্যোজাতর শরীরে কোভিড পজিটিভ এই প্রথম।