দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক সপ্তাহে ব্রিটেন থেকে ভারতে আসা যাত্রীদের মধ্যে অন্তত ২২ জনের কোভিড ধরা পড়েছে বলে জানা গেছে। করোনাভাইরাসের নতুন যে স্ট্রেন ব্রিটেনে ভাইরাল হয়েছে, তা ওই যাত্রীদের মাধ্যমে এই দেশেও এসে পৌঁছেছে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সেই পরীক্ষাই চলছে ১৬ জনের নমুনা নিয়ে। এখনও কোনও নিশ্চিত খবর মেলেনি।
সরকারি সূত্রের খবর, অমৃতসরে আট জনের, দিল্লিতে ৫ জনের, কলকাতায় ২ জনের এবং চেন্নাইয়ে ১ জনের কোভিড ধরা পড়েছে। ধরা পড়েছে আরও ৬ জনের। তাঁরা প্রত্যেকেই গত কয়েক সপ্তাহের মধ্যে ব্রিটেন থেকে এসেছেন। তাঁদের নমুনায় করোনার নতুন স্ট্রেনের খোঁজ মিললে সরকার কী পদক্ষেপ করে, সেটাও দেখার বিষয়।
নতুন করোনা সংক্রমণের আতঙ্কে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ হয়েছে ভারত ও ব্রিটেনের বিমান-যোগাযোগ। তবে তার আগেই যাঁরা রওনা হয়ে গিয়ে এসে পোঁছেছেন, তাঁদের ক্ষেত্রে নিয়ম করা হয়েছে প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট করা হবে এবং তার রেজাল্ট যতক্ষণ না আসে ততক্ষণ এয়ারপোর্টে অপেক্ষা করতে হবে।
সূত্রের খবর, বিলেতফেরত যাত্রীদের মধ্যে যাঁদের করোনা পজিটিভ ধরা পড়ছে, তাঁদের নমুনা আবার পাঠানো হচ্ছে বিশেষ কিছু ল্যাবে, নতুন স্ট্রেনের উপস্থিতি নিয়ে পরীক্ষা চলছে সেখানেই। গত চার সপ্তাহে ব্রিটেন থেকে কারা দেশে এসে পৌঁছেছেন, তাঁদের প্রত্যেককে খুঁজে বের করে পরীক্ষা করা হচ্ছে এবং তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মনিটর করা হচ্ছে।
বর্তমানে দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ২৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখের কাছে পৌঁছেছে। অবশ্য গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ২৭ হাজার আক্রান্ত। তার ফলে মোট সুস্থতার সংখ্যা সাড়ে ৯৬ লাখের বেশি। আর সেইসঙ্গে কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। বর্তমানে দেশে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখের কম। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৪৪৪ জন। ভারতে করোনায় মৃত্যুহার ১.৪৫ শতাংশ।
এ কথা বলা যায়, দেশের করোনা পরিস্থিতি এখন প্রবল খারাপ অবস্থা থেকে একটু ভালর দিকে। কিন্তু এখন ভয় একটাই, করোনার নতুন স্ট্রেন। ব্রিটেনের মন্ত্রক ইতিমধ্যেই জানিয়েছেষ এই স্ট্রেনের কারণে সে দেশের পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গেছে। সাধারণ করোনাভাইরাসের চেয়ে অন্তত ৭০ শতাংশ দ্রুত ও বেশি পরিমাণে ছড়াচ্ছে নতুন এই করোনা। ফলে এর প্রভাব ভারতে এসে পৌঁছলে সে ফল যে ভাল হবে না, তা স্পষ্ট।