অমরনাথে জঙ্গি হানায় ব্যবহার হয়েছিল কাশ্মীরের প্রাক্তন বিধায়কের গাড়ি!
দ্য ওয়াল ব্যুরো: অমরনাথে জঙ্গি হামলায় ব্যবহার করা হয়েছিল কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রাক্তন বিধায়কের গাড়ি। সম্প্রতি এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
২০১৭ সালের ১০ জু
শেষ আপডেট: 22 January 2019 18:05
দ্য ওয়াল ব্যুরো: অমরনাথে জঙ্গি হামলায় ব্যবহার করা হয়েছিল কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রাক্তন বিধায়কের গাড়ি। সম্প্রতি এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
২০১৭ সালের ১০ জুলাই অমরনাথের উদ্দেশে রওনা দেওয়া একটি তীর্থযাত্রীদের বাসে হামলা করেছিল জঙ্গিরা। ভয়াবহ এই জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল আটজন তীর্থযাত্রীর। আহত হয়েছিলেন আরও অনেকে। এ বার সেই জঙ্গি হামলা সম্পর্কেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জানিয়েছে এই হামলার সময় পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রাক্তন বিধায়কের আইজাজ আহমেদ মীরের গাড়ি ব্যবহার করেছিল জঙ্গিরা।
ইতিমধ্যেই এই বিষয়ে জম্মু-কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেলকে রিপোর্ট জমা দিয়েছে এনআইএ। এর আগে আইজাজ আহমেদ মীর কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে এনআইএ। আইজাজের ব্যাপারে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশের কাছেও। প্রসঙ্গত, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে এই আইজাজের বাড়ি থেকেই অস্ত্র উদ্ধার করে জম্মু ও কাশ্মীর পুলিশ। তার মধ্যে ছিল ন’টি বন্দুক, পাঁচটি একে-৪৭ রাইফেল, চারটি ইনসাস রাইফেল এবং একটি পিস্তল।
দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার ওয়াচি থেকে পিপলস ডেমোক্রেটিক পার্টির হয়ে নির্বাচন লড়েছিলেন এই আইজাজ আহমেদ মীর। জিতেওছিলেন নির্বাচন। এনআইএ জানিয়েছে, কাশ্মীরের মধ্যে দক্ষিণ কাশ্মীর বরাবরই জঙ্গিদের শক্ত ঘাঁটি বলে পরিচিত। মাঝে মাঝে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জেলায় বিশেষ করে সোপিয়ানে সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াই চলে জঙ্গিদের। জম্মু ও কাশ্মীর পুলিশকে দেওয়া রিপোর্টে এনআইএ জানিয়েছে, এই সোপিয়ানেই বেশ কয়েকবার আইজাজের এলাকাতেই গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা।
তবে অমরনাথ হামলার সঙ্গে আইজাজ সরাসরি জড়িত ছিলেন কিনা তা খতিয়ে দেখছে এনআইএ। এমনকী জঙ্গিরা যে প্রাক্তন বিধায়কের গাড়ি চুরি করতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না এনআইএ কর্তারা। জঙ্গিরা তাঁর গাড়ি চুরি করে তারপর তা হামলায় ব্যবহার করেছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ।