দ্য ওয়াল ব্যুরো: উর্ধ্বশ্বাসে ছুটছেন এক ব্যক্তি। পিছনে তাড়া করছে একটা পূর্ণবয়স্ক সিংহ ও একটা সিংহী। প্রাণভয়ে ছুটতে গিয়ে ব্যক্তি একবার পড়ছেন, উঠছেন আবার দৌড়োচ্ছেন। ভর দুপুরে লায়ন সাফারিতে এমন দৃশ্য দেখে শিউরে উঠলেন পর্যটকরা। সিংহ ততক্ষণে টেনে, হিঁচড়ে নিয়ে যাচ্ছে তার এলাকায় ঢুকে পড়া আগন্তুককে।
চণ্ডীগড় ছাতবির সাফারি পার্কে এই ঘটনা ঘটেছে রবিবার দুপুরে। সিংহ তাড়া করার ভিডিও লেন্সবন্দিও করেছেন অনেকে। সেই ভিডিওই এখন ভাইরাল নেট দুনিয়ায়। সাফারি পার্কের কর্তৃপক্ষ জানিয়েছেন, গলায় গভীর ক্ষত নিয়ে ওই ব্যক্তিকে ভর্তি করা হয় ডেরা বাসসি এলাকার সিভিল হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
২৫ ফুট উঁচু পাঁচিল টপকে পার্কের ভিতরে ঢুকে পড়েছিলেন ওই ব্যক্তি। তারপর সোজা চলে যান সিংহদের এলাকায়। এমনটাই জানিয়েছেন, সাফারি পার্কের ফিল্ড ডিরেক্টর এম সুধাগর্ব। তাঁর কথায়, “ওই ব্যক্তির নাম কী, কেনই বা তিনি পার্কে ঢুকেছিলেন সেটা এখনও অজানা। আমরা তদন্ত শুরু করেছি। পাঁচ সদস্যের একটা টিম তৈরি করা হয়েছে।”
https://www.youtube.com/watch?v=q2BIDjrVB8k&feature=youtu.be
সিংহ তাড়া করার দৃশ্য নিজের চোখেই দেখেছেন সেই সময় সাফারি পার্কে ঘুরতে আসা পর্যটকের একটি দল। তাঁদের অনেকেই বলেছেন, বাসের দরজা খুলে চিৎকার করে ওই ব্যক্তিকে ডাকার চেষ্টা করছিলেন তাঁরা। সিংহের তাড়া খেয়ে ব্যক্তির তখন নাভিশ্বাস ওঠার দশা। একসময় তিনি পড়ে গেলেন মাটিতে, আর তাঁর উপর ঝাঁপিয়ে পড়ল সিংহ ও সিংহী। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তির কথায়, “ভয় আর আতঙ্কে হাত পা ঠাণ্ডা হযে গেছিল আমাদের। মাথা কাজ করছিল না। চোখের সামনে সিংহ টেনে নিয়ে গেল একজনকে।”
সাফারি পার্কের ওই সিংহ দু’টির উপরে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন সুধাগর্ব। মানুষ মারার পর সিংহ দু’টির আচরণে কোনও পরিবর্তন হচ্ছে কিনা সেটাও নজর করা হচ্ছে। জিরাকপুর থানার পুলিশ কর্তা গুরজিত সিংহের কথায়, ওই ব্যক্তির ময়নাতদন্ত করা হচ্ছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।